ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর ২০২৬: বিলাসবহুল বন্দে ভারত এক্সপ্রেসে সফর করতে গিয়ে খাবারের প্লেটে এমন জিনিস মিলল, যা দেখে কার্যত চক্ষু চড়কগাছ এক যাত্রীর! সুস্বাদু বড়ার বদলে খাবারের সঙ্গে পাওয়া গেল একটি বড়সড় ধাতব বোল্ট। এই ঘটনাকে কেন্দ্র করে রেলযাত্রীদের খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনাটি বেঙ্গালুরু থেকে বেলাগাভি যাওয়ার পথে বন্দে ভারত এক্সপ্রেসের। যাত্রী সমর্থ কোডিয়াল ট্রেনে পরিবেশিত খাবারের বড়ার মধ্যে একটি বড় ধাতব বোল্ট দেখতে পান। বিষয়টি সামনে আনতে তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ খাবারের ছবি ও ভিডিও পোস্ট করেন। পাশাপাশি ভারতীয় রেল এবং IRCTC-কে ট্যাগ করে খাবারের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
যাত্রীর অভিযোগ সামনে আসতেই প্রতিক্রিয়া জানায় IRCTC। সংস্থাটি এই অনভিপ্রেত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে। পাশাপাশি সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে।
শুধু তাই নয়, রান্নাঘরের কর্মীদের নির্ধারিত SOP মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। খাবার তৈরি শুরুর আগে রান্নাঘরের সমস্ত সরঞ্জাম ভালোভাবে পরীক্ষা করার নির্দেশও দিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনেও খাবারের মধ্যে এমন ধাতব বস্তু মেলায় যাত্রীদের নিরাপত্তা ও খাবারের মান নিয়ন্ত্রণ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।









