ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ বাংলা চলচ্চিত্র জগতে এক ঐতিহাসিক অধ্যায় সৃষ্টিকারী ছবি অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ আবারও নন্দন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে চলেছে। আগামী ৫ থেকে ৭ জুন পর্যন্ত এই বহুল প্রশংসিত ছবিটি নন্দনে বিশেষ প্রদর্শনীতে দেখানো হবে। এই খবর সামনে আসতেই ছবির প্রধান অভিনেতা জিতু কমল, যিনি কিংবদন্তি সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন, আবেগে ভেসেছেন। জিতু কমলের অভিনয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল ‘অপরাজিত’। এই ছবির মাধ্যমেই তিনি দর্শক ও সমালোচকদের কাছে নতুনভাবে নিজের পরিচয় গড়ে তুলেছিলেন। পরিচালকের আকস্মিক প্রয়াণের পর ছবিটির নন্দনে প্রত্যাবর্তনের খবর তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সামাজিক মাধ্যমে ছবির পোস্টার শেয়ার করে জিতু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি লিখেছেন, “এটা সত্যের জয়। এটা অনীকদার জয়। এবং ধন্যবাদ শুভেন্দু অধিকারী।” স্মরণীয় যে, ‘অপরাজিত’ মুক্তির সময় ছবিটি নিয়ে সাংস্কৃতিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা হয়েছিল। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ নির্মাণের নেপথ্য কাহিনি অবলম্বনে তৈরি এই সিনেমা দর্শকদের প্রশংসা কুড়ালেও প্রথম মুক্তির সময় নন্দনে নিয়মিত প্রদর্শনের সুযোগ পায়নি। এই বিষয়টি নিয়ে দীর্ঘ বিতর্কও চলেছিল। তবে সময়ের সঙ্গে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। অনীক দত্তের প্রয়াণের পর তাঁর সৃষ্টিকে নতুন করে সম্মান জানানোর উদ্যোগ হিসেবে ‘অপরাজিত’-কে নন্দনে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিতু নিজেকে থেকেই শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পালকে অনুরোধ করেছিলেন যেন শ্রদ্ধা হিসেবে হলেও এই সিনেমা একদিন অন্তত নন্দনে দেখানো হয়। সেই অনুরোধেই তিনদিন ধরে এই ছবি দেখানো হবে।








