মোথাবাড়ি কাণ্ডে NIA দফতরে সাবিনা ইয়াসমিন, রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন প্রাক্তন মন্ত্রী

মোথাবাড়ি কাণ্ডে NIA-র তলবে হাজিরা দিলেন প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামী। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তলবের অভিযোগ সাবিনার।

Share:

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬ : মোথাবাড়ি কাণ্ডে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র দফতরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামী মহম্মদ মেহবুব আলম। গত সপ্তাহে জাতীয় সড়ক অবরোধের ঘটনায় তাঁদের তলব করেছিল NIA।

সূত্রের খবর, ‘এসআইআর’ ইস্যুকে কেন্দ্র করে জাতীয় সড়ক অবরোধের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাক্ষী হিসেবে তাঁদের তলব করা হয়েছে। যদিও সাবিনা ইয়াসমিন এই ঘটনার সঙ্গে তাঁর বা তাঁর স্বামীর কোনও যোগ নেই বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, একই ঘটনায় বারবার তলব করা হচ্ছে এবং এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

সাবিনার দাবি, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ডাকা হচ্ছে। সরকারের অঙ্গুলি হেলনে কেন্দ্রীয় সংস্থা কাজ করছে।” তিনি জানান, জাতীয় সড়ক অবরোধের দিন তাঁর স্বামী মালদা টাউনে ছিলেন, কারণ পরের দিন তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল। তাঁর দাবি, ওই ঘটনায় তাঁর স্বামীকে কোথাও দেখা যায়নি এবং তিনি সেখানে উপস্থিতও ছিলেন না।

নিজের ভূমিকা প্রসঙ্গে সাবিনা জানান, সেই সময় তিনি বিডিও অফিসে ধর্নায় ছিলেন। জাতীয় সড়ক অবরোধের ঘটনায় তাঁদের কোনও যোগ ছিল না। তবে রাতে বাড়ি ফেরার পথে ডাঙ্গা নামে একটি জায়গায় গাড়ি থেকে নেমে সাধারণ মানুষকে শান্ত করার বার্তা দিয়েছিলেন তিনি। তাঁর বক্তব্যে কী বলা হয়েছিল, তা NIA-কে জানানো হয়েছে বলেও দাবি করেছেন প্রাক্তন মন্ত্রী।