ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬ : পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। এবার বিদেশে টাকা পাচার এবং মধ্যপ্রাচ্যে হোটেল ব্যবসায় বিনিয়োগের অভিযোগ খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই বিষয়ে তাঁকে ফের জেরা করতে চাইছেন তদন্তকারীরা।
সিবিআই সূত্রে খবর, সম্প্রতি সুজিত বসুর ঘনিষ্ঠ এক ব্যবসায়ী এবং এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে জেরা করে বিদেশে হোটেল ব্যবসায় লগ্নি সংক্রান্ত বেশ কিছু তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। দুর্নীতির টাকা মধ্যপ্রাচ্যের হোটেল ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সূত্র ধরেই তদন্তের পরবর্তী পদক্ষেপ করতে চাইছে সিবিআই।
অন্যদিকে, পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দুটি ব্যাঙ্কের আধিকারিককেও তলব করেছে সিবিআই। সুজিত বসুর সঙ্গে তাঁদের যোগসূত্র রয়েছে বলে তদন্তকারীদের অনুমান। চলতি সপ্তাহেই তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মে গ্রেফতার হন সুজিত বসু। ইডির অভিযোগ, পুরসভায় নিয়োগ দুর্নীতির মাধ্যমে তাঁর হাতে নগদ ২০ কোটি টাকা এসেছিল। গ্রেফতারির ৬০ দিনের মাথায় বিশেষ আদালতে চার্জশিট জমা দেয় ইডি। ১৮৬ পাতার ওই চার্জশিটে সুজিত বসু, তাঁর ছেলে সমুদ্র বসু, তাঁর দুই সংস্থা এবং পুর ও নগরোন্নয়ন দফতরের তৎকালীন আধিকারিক জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়। জ্যোতিষ্মানের মাধ্যমে ৩ কোটি টাকা লেনদেনের অভিযোগও তুলেছে ইডি।








