ব্যুরো নিউজ, ২৮ জুন ২০২৬ঃ মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ঘরের ছেলে অরিজিৎ সিং, যিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করলেও নিজের শিকড় ভোলেননি। সাধারণ জীবনযাপন এবং মাটির কাছাকাছি থাকার জন্য তিনি বরাবরই পরিচিত। কখনও জিয়াগঞ্জের বাজারে মাছ কিনতে দেখা যায় তাঁকে, আবার কখনও স্কুটি চালিয়ে ঘুরে বেড়ান নিজের শহরে। এমন একজন জনপ্রিয় শিল্পীকে হঠাৎ বহরমপুরের একটি চিকিৎসা কেন্দ্রে দেখে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে তাঁর অগণিত ভক্তমহলে। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে অরিজিৎ সিংয়ের একটি ছবি।
ছবিতে দেখা যাচ্ছে, কমলা রঙের পাঞ্জাবি পরে অত্যন্ত সাদামাটা পোশাকে তিনি বহরমপুরের এক চিকিৎসা কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর মুখে এক ফোঁটাও বিরক্তির ছাপ নেই, বরং হাসিমুখেই তিনি ভক্ত ও হাসপাতালের কর্মীদের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন। যদিও অরিজিৎ প্রায়শই এমন সাধারণ পোশাকেই জনসমক্ষে আসেন, কিন্তু স্থানটি একটি চিকিৎসা কেন্দ্র হওয়ায় তাঁর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর জল্পনা। গায়ক কি অসুস্থ, নাকি অন্য কোনও কারণে তাঁকে হাসপাতালে যেতে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। অরিজিৎ সিং বা তাঁর পরিবারের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
তবে এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল, অরিজিৎ শুধু একজন শিল্পী নন, তিনি আপামর মানুষের মনের মানুষ। তাঁর সামান্য অসুস্থতার খবরেও ভক্তরা কতটা চিন্তিত হয়ে পড়েন, তা এই ঘটনা থেকেই পরিষ্কার। প্রসঙ্গত, চলতি বছরে অরিজিৎ সিং প্লেব্যাক গান গাওয়া বন্ধ করার ঘোষণা করে ভক্তদের মন ভেঙে দিয়েছিলেন। যদিও পরে তিনি জানান, পূর্বের চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত তিনি প্লেব্যাক গান গাইবেন।








