ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ বলিউডে স্বজনপোষণ বিতর্ক দীর্ঘদিনের। তারকা-সন্তানরা বিশেষ সুবিধা পান, এই অভিযোগ বারবার উঠেছে। তবে সম্প্রতি এই ধারণার বিপরীত মত প্রকাশ করেছেন খ্যাতনামা পরিচালক ইমতিয়াজ আলি। এক সাক্ষাৎকারে তিনি রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মতো তারকাদের উদাহরণ টেনে বলেন, চলচ্চিত্র পরিবারে জন্মানো মানুষদের ওপর বরং বেশি চাপ থাকে। ইমতিয়াজ আলির মতে, “আলিয়া, রণবীর এবং ইন্ডাস্ট্রির আরও অনেকেই যারা এই পরিবেশে বড় হয়েছেন, তাঁদের সামনে সাফল্যের উদাহরণ সবসময়ই থাকে। ফলে নিজেদের পরিবার, বাবা, মা বা আত্মীয়দের সঙ্গে তুলনা করে নিজেকে সফল প্রমাণ করতে হয়।
আমার মতে, বাইরের থেকে আসা মানুষের পক্ষে বিষয়টা তুলনামূলকভাবে সহজ।” তিনি আরও যোগ করেন যে, শেষ পর্যন্ত কাজ দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়। “রণবীর আজ একজন প্রতিষ্ঠিত অভিনেতা, এটা নিয়ে কোনও সন্দেহ নেই। তাঁকে ‘নেপো কিড’ বলা যেতে পারে, কিন্তু তাঁর অভিনয় সেই সব সন্দেহ দূর করে দেয়। আলিয়া ভাটও এতটাই দক্ষ যে, তাঁকে সুযোগ দেওয়া নিয়ে কারও আপত্তি থাকার কথা নয়, বরং তাঁকে আরও বেশি কাজ করতে দেখতে চাইবে সবাই।” তবে এই জায়গায় পৌঁছতে তাঁদের আরও বেশি পরিশ্রম করতে হয় বলে মন্তব্য করেন ইমতিয়াজ।
প্রসঙ্গত, নিজের কেরিয়ারের অন্যতম হতাশার ছবি হিসেবে শাহরুখ খান ও অনুষ্কা শর্মা অভিনীত ‘জব হ্যারি মেট সেজাল’-এর কথা উল্লেখ করেছেন ইমতিয়াজ। ছবিটিকে তিনি ১০-এর মধ্যে মাত্র ৩ নম্বর দিয়েছেন। তিনি জানান, গল্পের সম্ভাবনা অনেক বেশি ছিল, কিন্তু তিনি সেটিকে সঠিকভাবে উপস্থাপন করতে পারেননি। বর্তমানে ইমতিয়াজ আলি তাঁর নতুন ছবি ‘মেইন ওয়াপাস আউঙ্গা’-র মুক্তির প্রস্তুতি নিচ্ছেন, যা আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।








