১০ বছর পর স্বস্তি, প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় মামলায় প্রাক্তন প্রেমিক রাহুল রাজ সিংকে অব্যাহতি দিল বম্বে হাইকোর্ট

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় রহস্যমৃত্যু মামলায় প্রাক্তন প্রেমিক রাহুল রাজ সিংকে অব্যাহতি দিল বম্বে হাইকোর্ট। দীর্ঘ ১০ বছর পর এল এই রায়।

Share:

ব্যুরো নিউজ, ১ অক্টোবর ২০২৬: জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু মামলায় তাঁর প্রাক্তন প্রেমিক রাহুল রাজ সিংকে অব্যাহতি দিল বম্বে হাইকোর্ট। দীর্ঘ দশ বছর ধরে চলা এই মামলার রায় ঘোষণা হল সম্প্রতি।

২০১৬ সালে মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়েছিল ‘বালিকা বধূ’ খ্যাত প্রত্যুষার দেহ। এই ঘটনায় তাঁর পরিবার রাহুল রাজ সিংয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, মারধর ও ভয় দেখানোর মতো গুরুতর অভিযোগ উঠেছিল।

প্রত্যুষার আকস্মিক মৃত্যু সেসময় গোটা দেশজুড়ে আলোড়ন ফেলেছিল। ‘বালিকা বধূ’ ধারাবাহিকে ‘আনন্দী’ চরিত্রে অভিনয় করে প্রত্যুষা রাতারাতি দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন। দেড় দশক পেরিয়ে গেলেও তাঁর জনপ্রিয়তা আজও অমলিন।

তাঁর অকালমৃত্যুর পর পরিবার দাবি করেছিল, রাহুলই প্রত্যুষাকে আত্মহত্যায় প্ররোচিত করেছেন। বান্দ্রা নগর পুলিশ রাহুলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে। তবে বম্বে হাইকোর্টের বিচারপতি শিবকুমার ডিগের বেঞ্চ এই মামলার রায় দেওয়ার আগে প্রত্যুষা ও রাহুলের শেষ ফোনালাপকে অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করেছে।

মামলার দীর্ঘসূত্রিতা প্রত্যুষার পরিবারকে আর্থিকভাবে সর্বস্বান্ত করে দিয়েছে বলে জানা গিয়েছে। অভিনেত্রীর মা-বাবা ন্যায়বিচারের আশায় এত বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তাঁদের অভিযোগ ছিল, রাহুল প্রত্যুষাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন, যা তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। অবশেষে আদালতের এই রায় এক দশকের পুরনো এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাল।

যদিও এই রায়ে প্রত্যুষার পরিবার কতটা স্বস্তি পেল, তা নিয়ে প্রশ্ন থাকছে। টেলি দুনিয়ার এই জনপ্রিয় মুখকে আজও মনে রেখেছেন অসংখ্য দর্শক। এই রায় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিনোদন মহলে।