বাসস্ট্যান্ডে রাত কাটানো, দৈনিক আড়াই টাকা আয়! ‘পঞ্চায়েত’-এর প্রধানজি রঘুবীর যাদবের সংগ্রাম কাহিনি

বাসস্ট্যান্ডে রাত কাটানো থেকে দৈনিক আড়াই টাকার মজুরি! 'পঞ্চায়েত'-এর প্রধানজি রঘুবীর যাদবের সংগ্রামময় জীবনের অজানা কাহিনি জানুন।

Share:

ব্যুরো নিউজ, ১৪ জুন ২০২৬ঃ অভিনেতা রঘুবীর যাদব, বর্তমানে ‘পঞ্চায়েত’ সিরিজের ‘প্রধানজি’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন, তাঁর সাফল্যের পথ কিন্তু মোটেই মসৃণ ছিল না। একসময় তাঁকে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এমনও সময় ছিল যখন তাঁকে বাসস্ট্যান্ডে রাত কাটাতে হয়েছে এবং দৈনিক মাত্র আড়াই টাকায় জীবন নির্বাহ করতে হয়েছে। অনেক দিন উপোসও থাকতে হয়েছে।

ছোটবেলায় বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও পরীক্ষায় ফেল করার ভয়ে তিনি বাড়ি ছেড়েছিলেন। এরপর উত্তরপ্রদেশের ললিতপুরে একটি নাট্যদলের সঙ্গে যুক্ত হন, যা পরিচালনা করতেন অভিনেতা অনু কাপুরের বাবা মদনলাল কাপুর। সেখানে গান গেয়ে অডিশন দেওয়ার পর তাঁকে দৈনিক আড়াই টাকার বিনিময়ে কাজ দেওয়া হয়। যদিও বাস্তবে অনেক সময় তার চেয়েও কম টাকা হাতে আসত। সেই টাকায় রুটি ও টমেটো চাটনি খেয়ে দিন কাটাতেন। প্রথম দিন নাটক দেখে বন্ধুকে নিয়ে বাসস্ট্যান্ডেই রাত কাটিয়েছিলেন।

ছয় মাস পর একবার বাড়ি ফিরলেও এক আত্মীয়ের অপমানে তিনি আবার বাড়ি ছেড়ে বেরিয়ে যান। এরপর প্রায় ২০ বছর নিজের গ্রামে ফেরেননি। এই দীর্ঘ সময়েই তিনি থিয়েটার, সঙ্গীত ও অভিনয়ের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। উর্দু ভাষা শেখেন এবং উচ্চারণে দক্ষতা অর্জন করেন। ‘লগান’, ‘পিকু’ এবং ‘পঞ্চায়েত’-এর মতো জনপ্রিয় কাজের মাধ্যমে রঘুবীর যাদব ভারতীয় অভিনয় জগতে নিজের এক স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন। তাঁর এই সংগ্রামময় জীবন বহু মানুষের কাছে অনুপ্রেরণা।