টলিউড কলাকুশলীদের কান্নায় আবেগঘন বৈঠক, সুবিচারের আশ্বাস রুদ্রনীলের

টলিউডের কলাকুশলীদের অভিযোগ ও কান্নার মাঝে সুবিচারের আশ্বাস দিলেন রুদ্রনীল ঘোষ। মুখ্যমন্ত্রীকে সব জানানোর প্রতিশ্রুতি, 'ভয় OUT, ভরসা IN' বার্তা।

Share:

ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে টলিউডের অন্দরে নতুন সমীকরণের আলোচনা শুরু হয়েছে। এই আবহে বুধবার টেকনিশিয়ান স্টুডিয়োয় আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে শিল্পী, কলাকুশলী এবং বিভিন্ন গিল্ডের প্রতিনিধিদের বক্তব্য শুনলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। ইন্ডাস্ট্রির বহু মানুষের কাছে তিনি এখনও ‘ঘরের ছেলে’। সেই পরিচয়ের জায়গা থেকেই এ দিন তাঁকে ঘিরে ছিল আবেগ, প্রত্যাশা এবং দীর্ঘ দিনের ক্ষোভ উগরে দেওয়ার সুযোগ। প্রায় ২৬টি গিল্ডের ৩২ জন সদস্য তাঁদের নানা সমস্যা, অভাব-অভিযোগ এবং অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সকলের বক্তব্য মন দিয়ে শোনার পর রুদ্রনীল আশ্বাস দেন, টলিউডের বর্তমান পরিস্থিতি এবং কলাকুশলীদের দাবিদাওয়া তিনি সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র কাছে পৌঁছে দেবেন।

তাঁর কথায়, নতুন সরকারের লক্ষ্য একটাই— ইন্ডাস্ট্রিতে যেন শুধুই কাজের পরিবেশ তৈরি হয়, কোনও রাজনৈতিক বিভাজন বা পক্ষপাত যেন শিল্পচর্চার পথে বাধা হয়ে না দাঁড়ায়। দ্য ওয়ালকে রুদ্রনীল স্পষ্ট ভাষায় জানান, এবার থেকে ‘ভয় OUT, ভরসা IN’। তিনি বলেন, “সকলে প্রাণ খুলে কথা বলছেন, সকলের মনে ভয় ছিল। অবিশ্বাস্য অভিযোগ। নিশ্চয়ই দায়িত্বশীল জায়গায় জানাব।” পাশাপাশি এদিন স্বরূপ বিশ্বাসের নাম নিয়ে সকলে অভিযোগ জানানোর পর রুদ্রনীল বলেন, তাঁর এই ধরনের অন্যায় কাজ এবং তাঁর সহযোগী অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, জয়দীপ মুখোপাধ্যায়, সৃজিৎ রায় এবং অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়-সহ একাধিক পরিচিত মুখ। প্রযোজকদের মধ্যে ছিলেন অশোক ধানুকা, নিসপাল সিংহ রানে, ফিরদৌসল হাসান, সুশান্ত দাস এবং সৌরভ দাস। এ দিন আবেগঘন মুহূর্তও তৈরি হয় বৈঠকে।

রূপসজ্জাশিল্পী সিমরন পাল-সহ একাধিক কলাকুশলী তাঁদের অতীত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। কেউ অভিযোগ করেন দীর্ঘ দিন কাজ না পাওয়ার, কেউ বা দাবি করেন রাজনৈতিক মত না মেলায় হুমকি ও মানসিক চাপে থাকতে হয়েছে তাঁদের। সেই সমস্ত অভিজ্ঞতার বিচার চেয়েই এ দিন সরব হন তাঁরা। সব শেষে শিল্পী মহলের উদ্দেশে একতা ও নতুন শুরুর বার্তাই দেন রুদ্রনীল।