ব্যুরো নিউজ, ২০ নভেম্বর ২০২৬: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানকে নিয়ে একসময় তাঁর মনে তৈরি হয়েছিল অন্যরকম ধারণা! শুনেছিলেন, শাহরুখ নাকি ভীষণ অহংকারী। এমনকী অমিতাভ বচ্চন ও দিলীপ কুমারের মতো কিংবদন্তি অভিনেতাদের সম্পর্কেও নাকি অসম্মানজনক মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু সামনাসামনি দেখা হতেই বদলে যায় সেই ধারণা। সম্প্রতি এমনই অভিজ্ঞতার কথা জানালেন অভিনেতা দেবেন ভোজানি।
সিদ্ধার্থ কাননের পডকাস্টে পুরনো দিনের স্মৃতি ভাগ করে দেবেন জানান, ১৯৯০-এর দশকে ‘জাদু’ ছবির শুটিংয়ে শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল তাঁর। ছবিতে শাহরুখের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে শুটিংয়ের শুরুতে গুজবের কারণে শাহরুখের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন দেবেন।
কিন্তু সবাইকে অবাক করে শাহরুখ নিজেই এগিয়ে এসে দেবেনের সঙ্গে পরিচয় করেন। শুধু তাই নয়, তাঁর অভিনীত ‘জো জিতা ওহি সিকন্দর’ ছবির প্রশংসাও করেন। শাহরুখের এই আন্তরিক আচরণে রীতিমতো অবাক হয়ে যান দেবেন। বুঝতে পারেন, শোনা কথার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।
দেবেনের কথায়, বন্ধুর কাছ থেকে শোনা কিছু গুজবের ভিত্তিতেই শাহরুখ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়েছিল তাঁর। পরে নিজের ভুলও স্বীকার করেন অভিনেতা।
উল্লেখ্য, ‘জাদু’ ছবিটি পরে ‘ইয়ে লমহে জুদাই কে’ নামে মুক্তি পায়। বহু বছর পর রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতেও শাহরুখের সঙ্গে কাজ করেন দেবেন।









