ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া আর্থিক প্রতারণা মামলায় এবার বড় পদক্ষেপ করল আদালত। আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত এই মামলার সাম্প্রতিক তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত সূত্রে খবর, আগামী ২২ জুনের মধ্যেই তদন্তের অগ্রগতির বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দিতে হবে। এই ঘটনায় বিনোদন মহলে ফের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে সোহম চক্রবর্তী তাঁর একটি বাণিজ্যিক সংস্থার মাধ্যমে এক ব্যক্তির কাছ থেকে দুই দফায় মোট ১ কোটি ৩০ লক্ষ টাকা নিয়েছিলেন। অভিযোগকারীর দাবি, সেই টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে অভিনেতা ফেরত দেননি। ২০২৩ সালে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি হয়, যেখানে বার্ষিক ১৮ শতাংশ সুদ সহ গোটা টাকা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ, সোহম সেই প্রতিশ্রুতিও রক্ষা করেননি। বর্তমানে সুদ সহ মোট টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৮২ লক্ষ টাকা।
শুধু আর্থিক প্রতারণা নয়, অভিযোগকারী আরও দাবি করেন যে, টাকা ফেরত চাইতে গেলেই তাঁকে বিভিন্নভাবে ভয় দেখানো এবং হুমকি দেওয়া হতো। প্রথমে চারু মার্কেট থানায় অভিযোগ জানানো হলেও, দীর্ঘ সময় ধরে মামলা দায়ের না হওয়ায় অভিযোগকারী আলিপুর আদালতের দ্বারস্থ হন। আদালত চারু মার্কেট থানাকে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করার নির্দেশ দেয়। সম্প্রতি এই মামলার শুনানিতে অভিযোগকারীর আইনজীবী সুব্রত সরদার আদালতে হাজির হয়ে জানান যে, বিচারক তদন্তের বর্তমানে অগ্রগতি নিয়ে বিস্তারিত রিপোর্ট জানতে চেয়েছেন। এই ঘটনা নিয়ে রাজনৈতিক ও বিনোদন মহলে জোর চর্চা চলছে।








