ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬ঃ কলকাতার ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাব মাঠে অবশেষে শুরু হলো প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত বায়োপিকের শুটিং। মঙ্গলবার সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে সিনেমার সেট তৈরি হয় এবং সেখানেই ‘দাদা’র চরিত্রে অভিনয় করতে মাঠে নামেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। লাল রঙের ট্র্যাকস্যুট পরে রাজকুমারকে দেখা যায় সৌরভের জীবনের শুরুর দিকের মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করতে। লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানো থেকে শুরু করে ‘গড অফ অফ-সাইড’ হয়ে ওঠার নেপথ্যে যে কঠিন সংগ্রাম, তারই প্রথম পর্যায়ের শুটিংয়ের সাক্ষী থাকল তিলোত্তমা কলকাতা।
দীর্ঘদিন ধরে এই বায়োপিক নিয়ে জল্পনা চলছিল, কে হবেন পর্দার ‘মহারাজ’। রণবীর কাপুর সহ একাধিক তারকার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত রাজকুমার রাওয়ের নামেই সিলমোহর পড়ে। জানা গেছে, এই চরিত্রের জন্য রাজকুমার গত কয়েক মাস ধরে বাঁ-হাতে ব্যাটিংয়ের বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন, কারণ ডানহাতি অভিনেতার কাছে বাঁহাতি সৌরভের ভূমিকায় অভিনয় করা ছিল এক বড় চ্যালেঞ্জ। ভারতীয় ক্রিকেটের মোড় ঘুরিয়ে দেওয়া এই ক্যাপ্টেনের জীবনের গল্প বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।
জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা রাজকুমার রাও এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ায় প্রত্যাশার পারদ আরও চড়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও ছবির চিত্রনাট্য এবং ক্রিকেটিং শটগুলির উপর কড়া নজর রাখছেন এবং তাঁর নিজস্ব ইনপুট দিচ্ছেন। ইস্টবেঙ্গল ক্লাবের মাঠ থেকে শুরু হওয়া এই সফর আগামী দিনে বক্স অফিসে কতটা ঝড় তোলে, সেটাই এখন দেখার।








