আসল তৃণমূলের দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, জমা পড়ল বিশেষ অধিবেশনের নথি

আসল তৃণমূলের দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। জমা পড়ল বিশেষ অধিবেশনের নথি, অরূপ রায়কে চেয়ারপার্সন নিয়োগের দাবি।

Share:

নিউজ ব্যুরো, ২৪ জুন ২০২৬:   নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য মরিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির।

মঙ্গলবার কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে ঋতব্রত শিবিরের পাঁচ বিধায়ক, যাঁরা নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করছেন, তাঁরা তাঁদের তথাকথিত ‘বিশেষ অধিবেশন’-এর নথি জমা দিয়েছেন। তাঁদের দাবি, নিয়ম মেনেই দলের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল এবং সেই অধিবেশনে অরূপ রায়কে চেয়ারপার্সন নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে ৩০ সদস্যের একটি জাতীয় কর্মসমিতিও গঠন করা হয়েছে বলে তাঁরা কমিশনকে জানিয়েছেন।

সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনার সঙ্গে দেখা করে ঋতব্রত শিবির সোমবার পাঁচতারা হোটেলে যে বিশেষ অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনের ‘মিনিটস’ জমা দিয়েছেন। এই বিষয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “জোড়াফুল প্রতীক দাবি করার প্রশ্নই ওঠে না। আমরাই আসল তৃণমূল। আমরা জাতীয় কর্মসমিতির বৈঠক সম্পর্কে জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরাই আসল তৃণমূল।” বিরোধী দলনেতা আরও স্পষ্ট করে বলেন, “আমরা কেন জোড়াফুল প্রতীক চাইতে যাব? আসল তৃণমূল তো আমরাই।”

এই পদক্ষেপের ফলে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের অন্দরে এই ‘আসল-নকল’ দ্বন্দ্ব আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।