ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: বীরভূমের বহুচর্চিত টুলু মণ্ডল কাণ্ডে এল নয়া মোড়। এবার এই মামলায় গ্রেপ্তার হলেন অবসরপ্রাপ্ত এক উচ্চপদস্থ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক রবিউল ইসলাম।
রবিউল ইসলাম একসময় বীরভূমের ডেপুটি জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দায়িত্ব সামলেছেন এবং চলতি বছরই অবসর গ্রহণ করেন। রবিবার গভীর রাতে রামপুরহাট মহকুমা এলাকার মাড়গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাঁকে সিউড়ি আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে কেন্দ্র করে জমি সংক্রান্ত এই বিতর্কিত মামলায় তদন্তের পর গত ১৩ই অক্টোবর সিউড়ি আদালতে চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। সেখানে মোট ১২ জনের নাম উল্লেখ করা হয়েছিল। মূল অভিযুক্ত টুলু মণ্ডল ছাড়া বাকি ১১ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা। সেই তালিকাতে রবিউল ইসলামেরও নাম ছিল। এতদিন তাঁর খোঁজ না মিললেও রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এই গ্রেপ্তারের ঘটনায় বীরভূম জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে উত্তেজনা তুঙ্গে উঠেছে। তাঁর বিরুদ্ধে টুলু মণ্ডলের সঙ্গে যোগসাজশে অবৈধভাবে জমি সংক্রান্ত কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই ঘটনায় টুলু মণ্ডল কাণ্ডের তদন্ত আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে পুলিশ আধিকারিকরা ধৃত রবিউল ইসলামের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য আদায়ের চেষ্টা করছে।








