আর মাত্র ১ বছর! নিজেই নিজের উন্নতি করে মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে AI?

এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে ২০২৭ ও ২০৩০ সালের সম্ভাব্য ঝুঁকির কথা জানিয়ে সতর্ক করেছেন গবেষক নিকোলা জুরকোভিচ।

Share:

ব্যুরো নিউজ, ২৭শে নভেম্বর ২০২৬ : কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এতদিন যে আশঙ্কার কথা ফিসফিস করে বলা হতো, এবার তা প্রকাশ্যে চিৎকার করে বললেন এক গবেষক। তাঁর নাম নিকোলা জুরকোভিচ। তিনি কোনও সাধারণ টেক-বিশেষজ্ঞ নন, তিনি METR নামে একটি অলাভজনক সংস্থার টেকনিক্যাল স্টাফ, যারা দিনরাত উন্নত এআই ব্যবস্থার ঝুঁকি পরীক্ষা করে। তাঁর সাফ কথা, বিশ্বজুড়ে এখনই এআই-কে লাগাম পরানো না গেলে ২০২৭ সালের মধ্যেই এআই নিজেই নিজের উন্নতি করতে শুরু করবে। আর একবার তা শুরু হলে মানুষের বুদ্ধিমত্তা তার কাছে শিশুর খেলনা হয়ে যাবে।

থ্যাংকসগিভিংয়ের ছুটিতে পরিবারকে লেখা এক খোলা চিঠিতে তিনি যা বলেছেন, তা আতঙ্কজনক। চিঠিটি তিনি এক্স-এ পোস্ট করেছেন। তাতে লিখেছেন, এটাই তাঁর প্রথম থ্যাংকসগিভিং, আর আগামী বছর তিনি বাঁচবেন কিনা, তা নিয়ে নিজেই অনিশ্চিত। এটি কল্পিত গল্প নয়, ভেতরের একজনের সতর্কবার্তা। তাঁর দাবি, এ বছরই এআই ব্যবস্থার কারণে একাধিক বড় সংস্থা হ্যাক হয়েছে। এখন পর্যন্ত ক্ষতি মূলত আর্থিক, কিন্তু আগামী বছর এআই-এর কারণে বহু মানুষের মৃত্যুও হতে পারে। যে প্রযুক্তিকে আমরা ঘরের সহায়ক ভাবছি, সেটিই মৃত্যুর কারণ হতে পারে!

জুরকোভিচ তিনটি গুরুতর আশঙ্কার কথা বলেছেন। প্রথমত, নিয়ন্ত্রণ হারালে এআই বিদ্যুৎ, জল ও ব্যাংকিংয়ের মতো জরুরি ব্যবস্থায় ঢুকে পড়তে পারে। দ্বিতীয়ত, অপব্যবহার করে এআই দিয়ে জৈব অস্ত্র বানানো সম্ভব, যা মুহূর্তে পুরো শহর ধ্বংস করতে পারে। তৃতীয়ত, সবচেয়ে নীরব ঝুঁকি হলো, নীতিনির্ধারকেরা যন্ত্রকে অতিরিক্ত ক্ষমতা দিলে পরে মানুষ আর নিয়ন্ত্রণ ফিরে পাবে না।

২০৩০-এর আগেই মানবজাতির বিলুপ্তি বা ক্ষমতাহীন হওয়ার সম্ভাবনাকে তিনি মুদ্রা ছোড়ার মতো অনিশ্চিত বলেছেন। অর্থাৎ, টিকে থাকার সম্ভাবনা ৫০-৫০। তাঁর আশঙ্কা, মানুষ টিকে গেলেও অর্থনীতি বড় ধাক্কা খাবে; বর্তমানের বেশিরভাগ চাকরি হারিয়ে যাবে এবং ১০ বছরে বিশ্বের অধিকাংশ মানুষ বেকার হতে পারে।