AI দিয়ে পরীক্ষায় জালিয়াতি! প্রথম হয়েও ধরা পড়লেন দক্ষিণ কোরিয়ার পরীক্ষার্থী

দক্ষিণ কোরিয়ার সেরা কর হিসাবরক্ষণ পরীক্ষার্থী হান ওন-সিওক AI ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে প্রতারণার কথা স্বীকার করেছেন। সরকার কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে।

Share:

ব্যুরো নিউজ, ১৬ নভেম্বর ২০২৬: পরীক্ষায় দুর্দান্ত ফল! ৪০০-র মধ্যে ৩৯৭.৫ নম্বর পেয়ে প্রথম স্থানও দখল করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, সেই সাফল্যের নেপথ্যে ছিল ক্যামেরা, স্মার্টফোন আর কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) কারসাজি! দক্ষিণ কোরিয়ার সার্টিফায়েড ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষায় প্রথম হওয়া ৩৪ বছর বয়সি হান ওন-সক স্বীকার করলেন, প্রযুক্তির সাহায্য নিয়ে দুই পর্বের পরীক্ষাতেই জালিয়াতি করেছিলেন তিনি।

নিজের আইনজীবী লি ডন-হোর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে গোটা ঘটনার কথা স্বীকার করেছেন হান। তাঁর দাবি, পরীক্ষার প্রশ্নের ছবি তুলতে ব্যবহার করেছিলেন একটি ক্ষুদ্র ক্যামেরা। এরপর সেই ছবি AI-তে পাঠিয়ে উত্তর যাচাই করতেন স্মার্টফোনের মাধ্যমে।

প্রথম পর্বে ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটিতে ভুল করেছিলেন তিনি। অস্বাভাবিক এই ফলাফল ঘিরেই সন্দেহ তৈরি হয়। প্রথমে অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন হান। পরে দ্বিতীয় স্থানাধিকারীর কথা ভেবে এবং অন্য সফল পরীক্ষার্থীদের উপর সন্দেহের প্রভাব পড়তে পারে বুঝে নিজের অপরাধ স্বীকার করেন। একই সঙ্গে সৎভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের কাছে ক্ষমাও চান।

ঘটনার পর নড়েচড়ে বসেছে দক্ষিণ কোরিয়ার প্রশাসন। দেশটির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এবং মানবসম্পদ উন্নয়ন পরিষেবা জরুরি বৈঠক করেছে। সরকারের ঘোষণা, AI ব্যবহার করে জালিয়াতি প্রমাণিত হলে পরীক্ষার্থীর যোগ্যতা বাতিল করা হবে এবং পাঁচ বছরের জন্য পরীক্ষায় বসা নিষিদ্ধ করা হবে।

এদিকে, সিওল মেট্রোপলিটন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেশের গুরুত্বপূর্ণ কলেজে প্রবেশিকা পরীক্ষার ঠিক আগেই এই কেলেঙ্কারি দক্ষিণ কোরিয়ার পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা ও AI-নির্ভর জালিয়াতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।