ব্যুরো নিউজ, ২২শে নভেম্বর ২০২৬ : ফিনল্যান্ড উপসাগরের বুকে শনিবার সকালটা ছিল একেবারেই অন্যরকম। পূর্বাংশের শান্ত জল হঠাৎই কেঁপে উঠল বিস্ফোরণের শব্দে। রাশিয়ার পণ্যবাহী জাহাজ ‘স্পার্টা II’-কে লক্ষ্য করে একে একে আছড়ে পড়ল দুইটি মানবহীন ড্রোন। মুহূর্তের মধ্যে জাহাজের ডেকে দাউদাউ করে জ্বলে উঠল আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গেল চারপাশের আকাশ। যে জাহাজটি নিশ্চিন্তে রাশিয়ার কালিনিনগ্রাদের দিকে এগিয়ে যাচ্ছিল, সেটাই কয়েক মিনিটের মধ্যে পরিণত হল ভাসমান অগ্নিকুণ্ডে।
হামলার সময় জাহাজটি অত্যন্ত সংবেদনশীল এলাকায় ছিল। রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে, আন্তর্জাতিক জলসীমায়, রুশ সীমান্ত থেকে প্রায় তিন নটিক্যাল মাইল দূরে। একদিকে রুশ জলসীমা, অন্যদিকে ফিনল্যান্ডের জলসীমা, মাঝে আন্তর্জাতিক জল। ঠিক এই সীমান্তরেখার কাছেই ঘটল ভয়াবহ হামলাটি। কারা, কেন ও কীভাবে হামলা চালাল, তা নিয়ে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়েছে।
তবে এই ভয়াবহ ঘটনায় একটাই স্বস্তি, জাহাজের ১৬ জন নাবিকের কেউ আহত হননি। আগুন ছড়াতেই তাঁরা লাইফবোটে জাহাজ ছেড়ে কাছের আরেকটি রুশ জাহাজে ওঠেন। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী কমান্ডার ইলিয়া ইলজিন জানিয়েছেন, নাবিকেরা এখন রাশিয়ায় ফিরছেন। প্রাণে বাঁচলেও নিজেদের জাহাজ জ্বলতে দেখার স্মৃতি তাঁরা সহজে ভুলতে পারবেন না।
এদিকে অগ্নিদগ্ধ ‘স্পার্টা II’ ক্রমে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। তখনই ফিনল্যান্ড কর্তৃপক্ষ উদ্ধারকাজে নামে। কোস্ট গার্ডের ছবি ও ভিডিওতে দেখা যায়, একাধিক জাহাজ থেকে জ্বলন্ত জাহাজে জল ছোড়া হচ্ছে। একদিকে আগুন নেভানো, অন্যদিকে ডেকের কন্টেইনার ঠান্ডা রাখার চেষ্টা চলছে। তবু আগুন নিভছিল না। কোস্ট গার্ড জানায়, রবিবার পর্যন্ত সারা রাত জাহাজটি জ্বলেছে।
এই হামলার পেছনে কারা, তা নিয়ে ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই মত প্রকাশ করেছে। মুখপাত্র আকি-মৌরি হুহতিনেনের মতে, ইউক্রেনের জড়িত থাকার সম্ভাবনা আছে। তবে জাহাজটিকেই কেন লক্ষ্য করা হল, তার উত্তর এখনও অস্পষ্ট। ইউক্রেন এ বিষয়ে কিছু বলেনি, আর এই নীরবতা রহস্য আরও বাড়াচ্ছে।









