জাল সই কাণ্ডে অভিষেককে হাইকোর্টের বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ

জাল সই কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত শুনানির আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাসের নির্দেশে অস্বস্তিতে তৃণমূল।

Share:

ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ জাল সই কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাসের এই নির্দেশে চরম অস্বস্তিতে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সিআইডি নোটিসকে চ্যালেঞ্জ করে এবং তদন্তে গ্রেপ্তারির রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। কিন্তু সেই আবেদন খারিজ হওয়ায় মামলাটি এখন নিয়মিত প্রক্রিয়াতেই এগোবে বলে আদালতের তরফে জানানো হয়েছে। এই রায় অভিষেকের জন্য একটি বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচিত করে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল, তাতে কয়েকজন বিধায়কের সইতে ‘অসঙ্গতি’র অভিযোগ ওঠে। এই অভিযোগ সামনে আসার পরই রাজ্য সরকার এই ঘটনার তদন্তভার সিআইডি-র হাতে তুলে দেয়। সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরা দিতে নোটিস পাঠালেও, অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান এবং চিঠি পাঠিয়ে ১৫ দিন সময়ও চান। পরে সেই নোটিসকেই সম্পূর্ণ ‘বেআইনি’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে চ্যালেঞ্জ করেন অভিষেক। গত বুধবার সিআইডি নোটিস চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

পাশাপাশি সিআইডি যাতে এই তদন্তে তাঁকে গ্রেপ্তার না করে, সেই রক্ষাকবচ চেয়ে আবেদন জানিয়ে দ্রুত শুনানির আর্জিও জানিয়েছিলেন। আজ সেই মামলার শুনানির ছিল। কিন্তু দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি। ফলে মামলাটি এখন নিয়মিত প্রক্রিয়াতেই এগোবে। একদিকে জাল সই কাণ্ড, অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র নোটিস— সব মিলিয়ে তদন্তকারী সংস্থাগুলির একের পর এক সাঁড়াশি আক্রমণে বেশ চাপে রয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এখন নজর আদালতের পরবর্তী শুনানি এবং সিআইডি তদন্তের অগ্রগতির দিকে।