অভিষেকের জেরার হ্যাটট্রিক: ৭২ ঘণ্টায় সিআইডি-ইডি-সিআইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদ

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৭২ ঘণ্টায় সিআইডি ও ইডি-র টানা জিজ্ঞাসাবাদ। সই জাল, নিয়োগ দুর্নীতি ও উস্কানিমূলক মন্তব্য— তিন পৃথক মামলায় জেরার মুখে তৃণমূল নেতা।

Share:

ব্যুরো নিউজ, ১৬ জুন ২০২৬ঃ গত ৭২ ঘণ্টায় তিন ভিন্ন মামলায় কেন্দ্রীয় ও রাজ্যের তদন্তকারী সংস্থার ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা তিন দিন তাঁকে সিআইডি এবং ইডি-র দফতরে হাজিরা দিতে হয়েছে, যা রাজ্য রাজনীতিতে নজিরবিহীন। রবিবার বিধানসভায় সই জাল কাণ্ডের তদন্তে ভবানী ভবনে সিআইডি-র মুখোমুখি হন অভিষেক। সেদিন প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে তাঁকে জেরা করা হয়। বিকেলে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকেও ডেকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

পরের দিন, সোমবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জট খুলতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন অভিষেক। সেখানে দীর্ঘ ১১ ঘণ্টারও বেশি সময় ধরে কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশ্নবাণের সম্মুখীন হতে হয় তাঁকে। পূর্ববর্তী দু’দিনের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার ফের সিআইডি-র তলবে ভবানী ভবনে পৌঁছন অভিষেক। ‘ডিজে’ বাজানো মন্তব্য সংক্রান্ত উস্কানিমূলক মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় তাঁকে টানা সাড়ে ছ’ঘণ্টা জেরা করা হয়।

সূত্রের খবর, অভিষেক সিআইডি-কে জানিয়েছেন যে তিনি কোনও উস্কানি দেওয়ার জন্য ওই মন্তব্য করেননি, বরং রাজনৈতিক ভোটের প্রচারে দলীয় কর্মীদের সাহস যোগাতে এই কথা বলেছিলেন। টানা তিন দিনে তিন পৃথক মামলায় এই লাগাতার জিজ্ঞাসাবাদ রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তদন্তকারীদের এই তৎপরতা আগামী দিনে নতুন কী মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।