অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচিতে প্রত্যাবর্তন: ভোট-পরবর্তী হিংসার শিকার কর্মীদের পাশে দাঁড়াতে মাঠে নামছেন তিনি

ভোট-পরবর্তী হিংসার শিকার দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে অবশেষে রাজনৈতিক কর্মসূচিতে ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার থেকেই শুরু হচ্ছে তাঁর জনসংযোগ।

Share:

ব্যুরো নিউজ, ২৯ মে ২০২৬ :  বিধানসভা নির্বাচনের পর অবশেষে প্রকাশ্যে আসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট-পরবর্তী হিংসার ঘটনায় ‘আক্রান্ত’ দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে তিনি ফের রাজনৈতিক কর্মসূচি শুরু করতে চলেছেন।

জানা গিয়েছে, আগামীকাল, শনিবার থেকেই এই কর্মসূচি শুরু হবে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। মাঝে মধ্যে এক্স পোস্টে ভিডিও বার্তা এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বৈঠক ছাড়া তেমন কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি তিনি। তবে এবার তিনি পথে নামছেন। শনিবার অভিষেক সোনারপুর দক্ষিণ এবং বেলেঘাটা বিধানসভা এলাকায় যাবেন। সেখানে আক্রান্ত তৃণমূলকর্মী সঞ্জু কর্মকার এবং বিশ্বজিৎ পট্টনায়কের সঙ্গে দেখা করবেন তিনি। ছাব্বিশের বিধানসভা নির্বাচন শেষ হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠছিল। এমতাবস্থায় দলের অন্দরেও প্রশ্ন উঠছিল, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নামছেন না। এমনকি তৃণমূলের অনেক নেতা হারের কারণ হিসেবে অভিষেক এবং আই-প্যাকের উপর দোষ চাপিয়েছিলেন।

প্রসঙ্গত, তৃণমূল জমানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস নিরাপত্তা পেলেও, ক্ষমতার রদবদল হতেই তাঁর নিরাপত্তা কাটছাঁট করা হয়েছে। একজন সাংসদ হিসাবে তাঁর যে নিরাপত্তা পাওয়ার কথা, সেটাই তিনি পাবেন। নিরাপত্তায় কোপ পড়ার পর আগামীকাল, শনিবারই প্রথম কালীঘাট এলাকার বাইরে পা রাখতে চলেছেন অভিষেক। এই পরিস্থিতিতে তাঁর প্রথম কর্মসূচিতে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।