ব্যুরো নিউজ, ১৪ জুন ২০২৬ঃ সই জালিয়াতি মামলায় দীর্ঘ সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে ভবানীভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ তিনি ভবানীভবনে পৌঁছন। জানা গিয়েছে, সেখান থেকে সরাসরি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের উদ্দেশে রওনা দিয়েছেন। এদিন এই মামলায় তৃণমূল নেতা কুণাল ঘোষকেও তলব করা হয়েছিল। বিকেল ৩টে ২০ মিনিট নাগাদ ভবানীভবনে পৌঁছন কুণাল ঘোষ। প্রায় সাড়ে তিন ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তদন্তকারীদের সূত্রে খবর, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে। উল্লেখ্য, বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত সই জালিয়াতি মামলা ঘিরে এই বিতর্ক দানা বেঁধেছে। গত ৯ মে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারকে লিখিতভাবে জানিয়েছিলেন যে, ৬ মে-র বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। পরে বিধানসভার সচিব সেই বৈঠকের স্বাক্ষর সম্বলিত রেজোলিউশন বুক দেখতে চান। অভিষেক তা জমা দিলেও, দুই তৃণমূল বিধায়ক অভিযোগ করেন যে, ৬ মে-র বৈঠকে এমন কোনও সিদ্ধান্ত হয়নি এবং তাঁদের স্বাক্ষর জাল করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে।
এর আগে গত ১১ জুন এই মামলায় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা অভিষেককে জেরা করা হয়েছিল। কিন্তু তাঁর জবাবে সন্তুষ্ট না হওয়ায় ফের তাঁকে তলব করা হয়। তদন্তে নেমে সিআইডি ইতিমধ্যেই ১৩ জন তৃণমূল বিধায়কের বয়ান রেকর্ড করেছে। রবিবার কুণাল ঘোষকে সাড়ে তিন ঘণ্টা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে আট ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এই মামলার তদন্তে আরও নতুন তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।








