ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি, নির্দেশ আদালতের

ডিজে মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি পেল সিআইডি। ৩০ জুন নমুনা সংগ্রহ করবে সিআইডি।

Share:

ব্যুরো নিউজ, ২৪ জুন ২০২৬ঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ডিজে বাজানো’ সংক্রান্ত মন্তব্যের জেরে আরও বিপাকে পড়তে হল। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল সিআইডি। মঙ্গলবার বিধাননগর ম্যাজিস্ট্রেট আদালতে সিআইডির আইনজীবীরা অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনই মঞ্জুর করেছে আদালত। আগামী ৩০ জুন অভিষেকের কণ্ঠস্বর সংগ্রহের দিন ধার্য করা হয়েছে।

জানা গিয়েছে, গত মে মাসে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাগুইআটিতে একটি জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাঁদের উদ্ধার করে আসে, সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!” অভিষেকের এই মন্তব্যের বিরুদ্ধে বাগুইআটির এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে এই মামলার তদন্তভার সিআইডির হাতে যায়। তদন্তভার হাতে পাওয়ার পর সিআইডি ইতিমধ্যেই অভিষেককে ভবানী ভবনে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে। এবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের মাধ্যমে তদন্ত আরও এক ধাপ এগোবে বলে মনে করা হচ্ছে।