মেসি কাণ্ডে গ্রেফতারির আশঙ্কায় অরূপ বিশ্বাসের আগাম জামিনের আবেদন

মেসি কাণ্ডে গ্রেফতারির আশঙ্কায় বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন করলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ।

Share:

ব্যুরো নিউজ, ১ জুন ২০২৬ : রাজ্যে পালাবদলের পরই ফের শিরোনামে উঠে এসেছে বহুচর্চিত মেসি কাণ্ড। যুবভারতীতে লিওনেল মেসির আগমন ঘিরে বিশৃঙ্খলার ঘটনায় এবার রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বাঙালি ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত।

গত ১৭ মে বিধাননগর দক্ষিণ থানায় অরূপের বিরুদ্ধে ভারতীয় ন্যায়-সংহিতার একাধিক ধারায় এফআইআর দায়ের করেন শতদ্রু, যিনি মেসিকে ভারতে আনার নেপথ্যে মূল কারিগর ছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির আশঙ্কা তৈরি হয়েছে। সেই আশঙ্কায় এবার বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন করলেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস।

সূত্রের খবর, শতদ্রু দত্ত তাঁর অভিযোগে জানিয়েছেন যে, মেসির ইভেন্টের জন্য প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি হয়েছে। ইভেন্টের আগে টিকিট দেওয়ার জন্য প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস তাঁকে চাপ দিয়েছিলেন বলেও অভিযোগ।

এই গুরুতর অভিযোগের ভিত্তিতে বিধাননগর পুলিশ কমিশনারেট খুব শীঘ্রই অরূপ বিশ্বাসকে তলব করতে পারে বলে জানা যাচ্ছে। রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী আগেই মেসি কাণ্ডের ফাইল খুলে দোষীদের শাস্তির কথা জানিয়েছিলেন, যা এই ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে। এমতবস্থায় অরূপের নামে এফআইআর দায়ের হওয়ায় তিনি গ্রেফতারির ভয় পাচ্ছেন বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। তবে আদালত এই বিষয়ে কোন পথে হাঁটে, তা জানতে সময়ের অপেক্ষা।