গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে অরূপ বিশ্বাস, FIR বাতিলের দাবিতে মামলা

গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টে অরূপ বিশ্বাস। FIR বাতিলের দাবিতে মামলা দায়ের, শুনানির আর্জি।

Share:

ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ প্রাক্তন বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া FIR বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। মেসির ঘটনা সহ বিভিন্ন অভিযোগে তাঁর গ্রেফতারির আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে অস্বস্তি থেকে মুক্তি পেতে এবং FIR-কে চ্যালেঞ্জ জানাতে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অরূপ বিশ্বাসের আইনজীবী কিশোর দত্ত একটি বিশেষ আবেদন জমা দেন।

তিনি জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে হওয়া সমস্ত FIR-কে চ্যালেঞ্জ করে পাল্টা মামলা দায়ের করতে চান তাঁরা। একইসঙ্গে, মামলার দ্রুত শুনানির আর্জিও জানানো হয়। তবে, বিচারপতি ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন যে আদালত এখনই এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করবে না বা কোনও অন্তর্বর্তী নির্দেশ দেবে না। তিনি আইন মেনে আগে পিটিশন দাখিল করার নির্দেশ দিয়েছেন, তারপর আদালত বিষয়টি বিবেচনা করবে।

উল্লেখ্য, অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই অরূপ বিশ্বাসকে তলব করেছিল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান। এরপর দ্বিতীয়বার বিধাননগর থানার পুলিশ তাঁর বাড়িতে নোটিস লাগিয়ে দিয়ে আসে, যেখানে সোমবার সকাল ১১টার মধ্যে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পুলিশ ব্যবস্থা নিতে পারে বলে জানানো হয়েছে।