মেসিকাণ্ডে দ্বিতীয় সমনের ২৪ ঘণ্টার মধ্যেই অরূপের বাড়িতে পুলিশ, টাঙানো হল নোটিস

মেসিকাণ্ডে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ। দ্বিতীয় সমনের পর নোটিস টাঙানো হল, সোমবারই হাজিরা দেওয়ার নির্দেশ। আগাম জামিনের শুনানির আগেই বিপাকে অরূপ।

Share:

ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ মেসিকাণ্ডে এবার আরও কোণঠাসা রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। দ্বিতীয়বার তলবের নোটিস পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর বাড়িতে পৌঁছল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। প্রাক্তন মন্ত্রীর ঘরের দরজায় নোটিস সেঁটে দিয়ে এসেছেন আধিকারিকরা। সাফ জানানো হয়েছে, কোনও অজুহাত চলবে না, সোমবার সকাল ১১টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে হবে।

পুলিশের নোটিসে উল্লেখ, প্রাক্তন মন্ত্রী শারীরিক অসুস্থতার যে কারণ দেখিয়েছেন, তার স্বপক্ষে নির্ভরযোগ্য প্রমাণ বা মেডিক্যাল রিপোর্ট জমা দিতে পারেননি। তাই তাঁর দু’সপ্তাহ সময় চাওয়ার আবেদন নাকচ করা হয়েছে। নির্দিষ্ট সময়ে হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ করা হতে পারে বলেও পুলিশের তরফে ইঙ্গিত মিলছে। ঘটনার সূত্রপাত গত বছর ডিসেম্বরে যুবভারতীতে লিয়োনেল মেসির সফরকে কেন্দ্র করে। অভিযোগ ওঠে, সাধারণ দর্শকদের বঞ্চিত করে অরূপ বিশ্বাস ও তাঁর ঘনিষ্ঠরাই মেসিকে ঘিরে ধরেছিলেন। এই বিতর্কের জেরে তাঁকে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফাও দিতে হয়েছিল।

অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছিল, যিনি বর্তমানে জামিনে মুক্ত। শতদ্রু দত্ত জেল থেকে ছাড়া পাওয়ার পরই অরূপ বিশ্বাস-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজি ও প্রতারণা-সহ মোট পাঁচটি গুরুতর ধারায় এফআইআর দায়ের করে। গ্রেফতারির আশঙ্কায় অরূপ বিশ্বাস কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন, যার শুনানি আগামী ৯ জুন। হাইকোর্টের শুনানির আগেই পুলিশের এই পদক্ষেপ প্রাক্তন মন্ত্রীর উপর চাপ আরও বাড়াল।