বাগবাজার পুজো কমিটির জট কাটল: হাই কোর্টের রায়ে বহাল নিম্ন আদালতের নির্দেশ

বাগবাজার দুর্গাপুজো কমিটির নির্বাচন নিয়ে জট কাটল। কলকাতা হাই কোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখল, যা পুজো কমিটি গঠনে সবুজ সংকেত দিল।

Share:

ব্যুরো নিউজ, ১৫ সেপ্টেম্বর ২০২৬: ১০৮ বছরের প্রাচীন বাগবাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটি (Bagbazar Durga Puja Committee) গঠন নিয়ে দীর্ঘদিনের জট অবশেষে কাটল। মঙ্গলবার কলকাতা হাই কোর্ট রায় দিয়ে জানিয়েছে, পুজো কমিটি গঠন প্রক্রিয়া সঠিক এবং নিম্ন আদালতের নির্দেশ বহাল থাকবে। বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য আবেদনকারী রবিশংকর সেনগুপ্তের আবেদন খারিজ করে দেন। গত ১০ সেপ্টেম্বর শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল উচ্চ আদালত।

উল্লেখ্য, নিম্ন আদালতের নির্দেশে গত ৩০ আগস্ট দুই বিশেষ পর্যবেক্ষকের নজরদারিতে পুজো কমিটির ভোটাভুটি হয়েছিল। মোট ৭৭ জন ভোটারের মধ্যে ৬৬ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু চরম নাটকীয় মোড়ে দেখা যায়, সাধারণ সম্পাদক পদের দুই মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থীই ৩৩টি করে সমান ভোট পান।

আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই দুই প্রতিদ্বন্দ্বী হলেন একই পরিবারের দুই ভাই – গৌতম ও ভাস্কর নিয়োগী। দু’জনেই সমান ভোট পাওয়ায় জয়ী প্রার্থী নির্ধারণে জটিলতা তৈরি হয়েছিল। এছাড়াও ১২ জন কার্যকরী সদস্যের মধ্যে চারজন ৩২টি করে ভোট পাওয়ায় সেখানেও ‘টাই’ হয়ে যায়। তবে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। এই রায়ের ফলে বাগবাজারের ঐতিহ্যবাহী দুর্গাপুজো আয়োজনে কমিটি গঠনের পথ সুগম হল।