ব্যুরো নিউজ, ৬ নভেম্বর ২০২৬: বিজেপির অন্দরে তোলাবাজি করা নিয়ে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। ফের সংঘাতে জড়ালেন ব্যারাকপুরের তরুণ বিধায়ক কৌস্তভ বাগচী এবং নোয়াপাড়ার অভিজ্ঞ বিধায়ক তথা শ্রম মন্ত্রী অর্জুন সিং।
সম্প্রতি, বারাকপুরের এক বিজেপি নেতা বিধায়ক কৌস্তভের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে আইনি নোটিস পাঠান। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়।
বিষয়টি নিয়ে প্রথমে মুখ খুলতে চাননি অর্জুন সিং। তবে পরে তিনি স্পষ্ট জানান, দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশ মেনে চলা উচিত। কেউ নির্দেশ অমান্য করলে দলই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেবে।
অর্জুনের এই বার্তার পরই পালটা জবাব দেন কৌস্তভ বাগচী। তিনি ব্যঙ্গ করে বলেন, “হ্যাঁ, আমি তোলাবাজি করি।” তবে তাঁর ব্যাখ্যা, এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার কাছে দরবার করাই তাঁর কাছে ‘তোলাবাজি’।
প্রসঙ্গত, স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় যাদব বিধায়ক কৌস্তভের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনেছেন এবং আইনি নোটিশ পাঠিয়েছেন।
কৌস্তভের এই বিতর্কিত মন্তব্যে রাজনৈতিক মহলে অবশ্য নতুন করে জল্পনা শুরু হয়েছে। তিনি কি নিজের কাজের স্বপক্ষে যুক্তি দিচ্ছেন, নাকি দলের আভ্যন্তরীণ কোন্দলকে আরও উস্কে দিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, অর্জুন সিংয়ের সংযত থাকার বার্তা বিজেপির শীর্ষ নেতৃত্বের অবস্থানকেই প্রতিফলিত করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এই ঘটনায় শাসক দলের আভ্যন্তরীণ অস্বস্তি চরমে পৌঁছেছে।










