ব্যুরো নিউজ, ৪ জুন ২০২৬ঃ রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া জাল সই-কাণ্ডের তদন্তে এবার কলকাতা পুরসভার মেয়র তথা তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিমের বাসভবনে পৌঁছল সিআইডি। শুক্রবার সন্ধ্যায় তদন্তকারী আধিকারিকরা সরাসরি তাঁর চেতলার বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল বিধায়কদের ভুয়ো স্বাক্ষর বিতর্কের জট ছাড়াতেই ফিরহাদ হাকিমের বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।
তদন্তকারীরা তাঁকে ‘প্রত্যক্ষদর্শী’ হিসেবেই দেখছেন। তদন্তকারী সূত্রে খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা গুরুত্বপূর্ণ দু’দিনের বৈঠকে ফিরহাদ হাকিম শুরু থেকেই উপস্থিত ছিলেন। ফলে, বৈঠকের নথিপত্রে সই হওয়া এবং তার পরবর্তী ঘটনাক্রমের বিষয়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্রত্যক্ষদর্শী। মূলত কালীঘাটের সেই বৈঠকে ঠিক কী ঘটেছিল, কারা সশরীরে উপস্থিত ছিলেন এবং কারা অনুপস্থিত থাকা সত্ত্বেও তাঁদের নামে স্বাক্ষর করা হয়েছিল, তা বিশদে জানতেই তদন্তকারীরা মেয়রের দ্বারস্থ হয়েছেন। রেজোলিউশন বুকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জমা দেওয়া হাতে লেখা চিঠিতেও তাঁর স্বাক্ষর রয়েছে। স
ম্প্রতি এই একই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দু’বার তলব করা হয়েছিল। প্রথমবার তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিনের সময় চেয়েছেন। এই বিতর্কের জেরে রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ, বহু বিধায়ক বৈঠকে উপস্থিত না থাকলেও তাঁদের নামের পাশে স্বাক্ষর পাওয়া গিয়েছে। এই স্বাক্ষর জালিয়াতির অভিযোগের তদন্তে নেমে সিআইডি মনে করছে, ফিরহাদ হাকিম এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন। কার নির্দেশে এই কাজ হয়েছিল এবং কারা স্বাক্ষর নকল করেছিলেন, সেই বিষয়েও বিস্তারিত তথ্য জানতে তাঁর সঙ্গে কথা বলে সিআইডি। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।








