ব্যুরো নিউজ, ১ জুন ২০২৬ : ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রবিবার কল্যান বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মসূচিতে আক্রান্ত হওয়ার পর, এবার মঙ্গলবার ধর্মতলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। এই পরিস্থিতিতে তৃণমূলকে ‘লকডাউন’ বা বিশ্রামের পরামর্শ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
তিনি কটাক্ষ করে বলেন, ভোটের আগেই বলেছিলাম হেরে গেলে পার্টিটাই উঠে যাবে। রবিবার কালীঘাটে তৃণমূল বিধায়কদের বৈঠকে ১৯ জনের উপস্থিতি নিয়েও দিলীপ ঘোষ তৃণমূলকে বিঁধেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হননি, এই প্রসঙ্গে তিনি বলেন, ‘উনি ভুল হাসপাতালে গেছেন, ওনার সমস্যা মানসিক, শারীরিক নয়।’
অন্যদিকে, কল্যান বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার দাবিকে ‘ড্রামা’ বলে উড়িয়ে দিয়ে তিনি বলেন, দলের সহকর্মীরাই ওনার নামে আগে অভিযোগ করেছিলেন। অন্যদিকে, রাজ্য জুড়ে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রা প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ জানান, যাত্রা মসৃণ করতে আরও বাস কিনবে রাজ্য। বেশিরভাগ প্রকল্প এই মাস থেকেই শুরু হচ্ছে এবং সব কাজের রিভিউ করা হবে।








