ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ফের চরম অস্বস্তিতে। শহরের বুকে বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান অনুমোদন, ভুয়ো মিউটেশন ও সরকারি জমি দখলের মতো গুরুতর অভিযোগে তাঁর বিরুদ্ধে সরাসরি লালবাজারে অভিযোগ দায়ের করেছেন এক কলকাতার বাসিন্দা। অভিযোগের তির খোদ মেয়র এবং কলকাতা পুরসভা (KMC) ও কেএমডিএ (KMDA)-র পদস্থ আধিকারিকদের দিকে। শ্রীচরণ রায় নামে এক ব্যক্তি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ)-এর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
তাঁর দাবি, একটি নামী নির্মাণকারী সংস্থাকে নিয়ম বহির্ভূতভাবে সুবিধা পাইয়ে দিতেই এই দুর্নীতি চক্র কাজ করেছে। ভুয়ো পরিদর্শন রিপোর্ট তৈরি, মানচিত্রে কারচুপি, পুরসভার ডিজিটাল ডেটাবেস পরিবর্তন, ভুয়ো এনওসি প্রদান, জাল মিউটেশন প্রক্রিয়া এবং ভুয়ো হলফনামার ভিত্তিতে বিল্ডিং প্ল্যান অনুমোদন করার মতো ছ’টি মারাত্মক অভিযোগ উঠেছে। অভিযোগকারীর মতে, পুরসভা ও কেএমডিএ-র কিছু দুর্নীতিগ্রস্ত আধিকারিকের প্রত্যক্ষ মদত ছাড়া এত বড় মাপের জালিয়াতি সম্ভব নয়, যার মাথায় ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। ক্ষমতার অপব্যবহার করে একটি নির্দিষ্ট কর্পোরেট সংস্থাকে লাভবান করার পেছনে বড়সড় আর্থিক লেনদেনের যোগসূত্র থাকতে পারে বলেও জল্পনা দানা বাঁধছে
। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা মেয়রের অবিলম্বে ইস্তফা দাবি করে নিরপেক্ষ তদন্তের জন্য এফআইআর রুজু করার আবেদন জানিয়েছেন। শাসক শিবির এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছে। এখন দেখার, লালবাজার এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ করে। এই ঘটনা আগামী দিনে কলকাতার পুর রাজনীতিতে যে বড়সড় ঝড় তুলবে, তা বলাই বাহুল্য।








