ব্যুরো নিউজ, ২০ মে ২০২৬ঃ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগের জল্পনা তীব্র হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তির বিরুদ্ধে কলকাতা পুরসভা থেকে বেআইনি নির্মাণের নোটিস জারি হওয়ার পরই এই গুঞ্জন ছড়িয়েছে। হরিশ মুখার্জি রোডের অফিস, লিপস অ্যান্ড বাউন্ডস এবং কালীঘাটে অভিষেকের মায়ের বাড়ির দেওয়ালে পুরসভার এই নোটিস ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড়।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম নিজের অসহায়তা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, পুরসভার আধিকারিকরা তাঁকে অন্ধকারে রেখেই নোটিস পাঠাচ্ছেন এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ তাঁর হাতে নেই। এই পরিস্থিতিতে ফিরহাদ হাকিমকে ‘নিধিরাম সর্দার’-এর সঙ্গে তুলনা করা হচ্ছে, যার পদ আছে কিন্তু ক্ষমতা নেই। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনা তৃণমূলের জন্য চরম অস্বস্তির কারণ। পুরসভার নিয়ম অনুযায়ী, সাত দিনের মধ্যে বেআইনি অংশ না ভাঙলে পুরসভা নিজেই বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু করবে। তৃণমূলের মেয়রের জমানায় দলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’-এর সম্পত্তি ভাঙা হলে তা দলের ভাবমূর্তির পক্ষে অত্যন্ত ক্ষতিকর হবে।
এই চরম পরিস্থিতি এড়াতেই ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দিতে পারেন বলে ঘনিষ্ঠ মহলে খবর। যদিও তিনি প্রকাশ্যে এই জল্পনা উড়িয়ে দিয়েছেন। অতীতে সুব্রত মুখোপাধ্যায় মেয়র থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের সঙ্গে সহযোগিতা দেখা গেলেও, বর্তমান বিজেপি-তৃণমূলের সম্পর্ক চরম বৈরিতায় পূর্ণ। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।








