ব্যুরো নিউজ, ৩১ মে ২০২৬ঃ কলকাতার গলফগ্রিনে এক ফ্ল্যাট থেকে এক তরুণ-তরুণীর রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অরবিন্দনগরের একটি বহুতলের চারতলার ফ্ল্যাট থেকে রবিবার সকালে তাঁদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর বাড়ি রামগড়ে এবং তরুণের বাড়ি তিলজলায়। বিগত চার থেকে পাঁচ মাস ধরে তাঁরা ওই ফ্ল্যাটে একসঙ্গে ভাড়া থাকতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে, মাদক সেবনের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে তরুণীর মাথায় আঘাতের চিহ্ন থাকায় খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আঘাত পড়ে গিয়ে লেগেছে নাকি অন্য কোনো কারণে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় আরও এক যুগলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যারা মাঝেমধ্যে ওই ফ্ল্যাটে আসতেন। শনিবার রাতে তাঁরা ওই ফ্ল্যাটে ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ফ্ল্যাটের বাইরে থাকা সিসিটিভি ফুটেজও পরীক্ষা করছে, যাতে ঘটনার দিন রাতে ফ্ল্যাটে কারা এসেছিলেন বা কী ঘটেছিল, তার একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। মৃতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং তাঁরা থানায় উপস্থিত হয়েছেন। তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় গোটা এলাকায় রহস্যের দানা বেঁধেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছেলেটি একটি বেসরকারি সংস্থায় কাজ করত এবং মেয়েটিকে খুব একটা ফ্ল্যাটের বাইরে দেখা যেত না। আচমকা এই ঘটনায় প্রতিবেশীরাও স্তম্ভিত। দ্রুত তদন্তের মাধ্যমে এই রহস্যের উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে।








