ব্যুরো নিউজ, ২১ জুন ২০২৬ঃ ১২তম আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga Day) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কলকাতায় উপস্থিত হয়ে রেড রোডে যোগাভ্যাসের সংকল্প নিলেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, রবিবার ভোর সাড়ে ৬টা নাগাদ তিনি রেড রোডে পৌঁছান এবং সেখানে প্রায় ৩৫ হাজার মানুষের সঙ্গে যোগাভ্যাসে অংশ নেন। মঞ্চ থেকে প্রধানমন্ত্রী যোগাভ্যাসের উপকারিতা তুলে ধরেন এবং পশ্চিমবঙ্গ তথা কলকাতার ভূমিকার প্রশংসা করেন।
তিনি বলেন, “যোগ কর্মসূচি পালনের জন্য পশ্চিমবঙ্গের থেকে সুন্দর জায়গা পেতাম না। কলকাতাবাসী স্বচ্ছতার সঙ্গে স্বাগত জানিয়েছে।” রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দ সহ মনিষীদের যোগে অবদানের কথাও স্মরণ করেন তিনি। এবারের যোগ দিবসের থিম ছিল ‘স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য যোগ’ । প্রধানমন্ত্রী জোর দেন যে, যোগাভ্যাস কেবল শরীরকে সুস্থ রাখে না, বরং জীবনশৈলীতে ভারসাম্য এনে বার্ধক্যেও তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
তাঁর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং রাজ্য সরকারের উদ্যোগে যোগ দিবস উদযাপনে এতদিন উল্লেখযোগ্য আয়োজনের অভাব ছিল বলে উল্লেখ করেন। তিনি প্রধানমন্ত্রীকে এই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার জন্য কৃতজ্ঞতা জানান।








