ব্যুরো নিউজ, ২০ মে ২০২৬ঃ কলকাতার সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা জোরদার করতে তৎপর হল লালবাজার। অতীতে একাধিক অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে এবং সম্প্রতি আর জি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর থেকেই হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছিল। এই পরিস্থিতিতে এবার কলকাতার সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা আরও মজবুত করতে বিশেষ নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। বর্তমানে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার এই ইস্যুতে সক্রিয় হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি এসএসকেএম হাসপাতাল পরিদর্শন করেন এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এরপর পুলিশ কমিশনার অজয় নন্দ বিভিন্ন থানার সঙ্গে আলোচনা করে এই নতুন গাইডলাইন জারি করেন। নতুন নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশকর্মীদের শুধু টহলদারি করলেই হবে না, রোগী, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দিকেও নজর দিতে হবে। হাসপাতালের সম্পত্তি রক্ষা এবং চত্বরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দায়িত্বও তাঁদের উপরেই বর্তাবে। গেটে রোগী, পরিজন এবং গাড়ির যাতায়াত নিয়ন্ত্রণে বিশেষ নজরদারির কথা বলা হয়েছে। দালালচক্রের দৌরাত্ম্য রুখতেও সক্রিয় থাকতে হবে কর্তব্যরত পুলিশকর্মীদের।
বেসরকারি সংস্থার কর্মীদের ডিউটি রস্টার নিয়মিত খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে। জরুরি বিভাগ ও বহির্বিভাগে ভিড় নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, যাতে কোনও বিশৃঙ্খলা তৈরি না হয়। প্রশাসনের মতে, চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় লক্ষ্য। এই পদক্ষেপ হাসপাতালগুলিকে আরও সুরক্ষিত ও শৃঙ্খলাবদ্ধ করবে।








