ব্যুরো নিউজ, ২৬ মে ২০২৬ঃ ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী বৃহস্পতিবার সরকারি ছুটি থাকায় কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রী সংখ্যা হ্রাসের পূর্বাভাস দিয়েছে। সেই কারণে, ওই দিন শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ মেট্রো লাইনে ট্রেনের সংখ্যা আংশিকভাবে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত রাখা হয়েছে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে ট্রেনের সংখ্যা কমানো হবে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী ব্লু লাইনে যেখানে সাধারণ দিনে ২৬০টি মেট্রো চলে, সেখানে ইদের দিন চলবে ২৪৬টি। সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ এবং হাওড়া ময়দান-এসপ্ল্যানেড সংযোগকারী গ্রিন লাইনে ২২৮টির পরিবর্তে ২০৪টি মেট্রো চলবে। সবচেয়ে বেশি কাটছাঁট হবে নোয়াপাড়া থেকে বারাসাত ভায়া বিমানবন্দর ইয়েলো লাইনে, যেখানে ১২০টির পরিবর্তে মাত্র ৯২টি মেট্রো চলাচল করবে।
তবে, পার্পল এবং অরেঞ্জ লাইনে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে, অর্থাৎ ট্রেন সংখ্যা বা সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের দিনেও যাতে যাত্রীদের যাতায়াতে বিশেষ অসুবিধা না হয় এবং প্রয়োজনীয় পরিষেবা বজায় থাকে, সেদিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।







