কলকাতা পুরসভার ভবিষ্যৎ কোন পথে? মেয়র নির্বাচন নিয়ে আজই বৈঠকে মমতা

কলকাতা পুরসভার মেয়র নির্বাচন নিয়ে আজ তৃণমূল ভবনে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিমের ইস্তফার পর ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে।

Share:

ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ কলকাতা পুরসভার মেয়র পদে ফিরহাদ হাকিমের ইস্তফা দেওয়ার পর থেকেই এক নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। পুরবোর্ড বহাল থাকবে, নাকি প্রশাসক বসানো হবে, এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। যদি পুরবোর্ড টিকে যায়, তবে পরবর্তী মেয়র কে হবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে  রবিবার, দুপুর তিনটে নাগাদ বাইপাসের ধারে তৃণমূল ভবনে এক জরুরি বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বৈঠকে কলকাতার কাউন্সিলর এবং দলের বিভিন্ন পদাধিকারীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সূত্রে খবর, শোভন চট্টোপাধ্যায়কে পুনরায় মেয়র পদে বসানো নিয়ে দলের অন্দরে জোর আলোচনা চলছে। ফিরহাদ হাকিমের ইস্তফার পর কলকাতা পুরসভায় একপ্রকার অচলাবস্থা তৈরি হয়েছে। কেন পুরবোর্ড ভেঙে প্রশাসক বসানো হবে না, এই বিষয়ে রাজ্য সরকার একটি চিঠি দিয়ে জানতে চেয়েছে এবং আগামী তিন দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে।

এরই মধ্যে, তৃণমূল নতুন মেয়র নিয়োগের প্রস্তুতি শুরু করেছে। যদিও শোভন চট্টোপাধ্যায় বর্তমানে কাউন্সিলর পদে নেই, তবে কলকাতা পুরসভার নতুন নিয়ম অনুযায়ী, রাজ্যের যে কোনও নাগরিক মেয়র পদে বসতে পারেন, যদি তিনি ছয় মাসের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তবে, বর্তমান পুরবোর্ডের মেয়াদও শীঘ্রই শেষ হতে চলেছে। এই সমস্ত বিষয়গুলি বিবেচনা করে শোভনকে মেয়র পদে বসানো নিয়ে জোর চর্চা চলছে।