ব্যুরো নিউজ, ৩১ মে ২০২৬ঃ কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি এবার নতুন রূপে রাজপথে ফিরতে চলেছে। আধুনিকতার ছোঁয়ায় সম্পূর্ণ ইলেকট্রিক গাড়িতে রূপান্তরিত হচ্ছে এই আইকনিক যান। দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে একটি প্রোটোটাইপ ইলেকট্রিক হলুদ ট্যাক্সি সম্প্রতি উন্মোচন করা হয়েছে, যা শহুরে গতিশীলতা এবং পরিবেশবান্ধব পরিবহনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে।
ডিভিসি-র একটি গবেষণা ও উন্নয়ন প্রকল্পের অধীনে এই যুগান্তকারী উদ্যোগটি নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হল, বিদ্যমান অভ্যন্তরীণ দহন ইঞ্জিনযুক্ত (ICE) যানবাহনগুলিকে সাশ্রয়ী উপায়ে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর করে সেগুলির কার্যক্ষম জীবনকাল বৃদ্ধি করা। এর ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ কমবে, তেমনই ভারতের বৈদ্যুতিক যানবাহনের দিকে রূপান্তরের পথ সুগম হবে। ডিভিসি সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে ডিভিসি চেয়ারম্যান এস. সুরেশ কুমার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য এই ‘সবুজ-হলুদ ট্যাক্সি’টি উন্মোচন করেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অমিতাভ গুপ্তের নেতৃত্বে একটি বহুশাস্ত্রীয় দল এই গবেষণা পরিচালনা করছে। প্রাথমিক পরীক্ষায় এই ইলেকট্রিক ট্যাক্সিটি শহরের মধ্যে দীর্ঘ ড্রাইভিং রেঞ্জ, দ্রুত ত্বরণ এবং শীতাতপ নিয়ন্ত্রণ ক্ষমতার মতো ইতিবাচক ফলাফল দেখিয়েছে। এতে আইওটি-সক্ষম পর্যবেক্ষণ ব্যবস্থাও যুক্ত করা হয়েছে। যদিও সাধারণ মানুষের জন্য এটি কবে থেকে উপলব্ধ হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি, তবে আশা করা হচ্ছে, সফল পরীক্ষার পর খুব শীঘ্রই কলকাতার রাস্তায় এই নতুন হলুদ ট্যাক্সিকে দেখা যাবে। এই উদ্যোগ শিল্প ও শিক্ষাঙ্গনের সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।








