ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬ঃ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নতুন কবিতা ‘গিরগিটি’ প্রকাশ করেছেন, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ক্ষমতা হারানোর পর তৃণমূলের যে সকল নেতা দল ছেড়েছেন বা দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন, তাঁদের উদ্দেশ্যেই এই কবিতা লেখা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কবিতায় মমতা বন্দ্যোপাধ্যায় স্বার্থান্বেষী এবং সুযোগসন্ধানী ব্যক্তিদের তীব্র সমালোচনা করেছেন, যারা গিরগিটির মতো দ্রুত নিজেদের অবস্থান ও রঙ বদলান। কবিতার ছত্রে ছত্রে উঠে এসেছে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং কৃতজ্ঞতার অভাবের মতো বিষয়গুলি।
মমতা লিখেছেন, ‘গিরগিটির থেকেও ভয়ঙ্কর/বহুরূপী তো রঙ বদলায়/ তার রোজগারের পন্থায়/ কিন্তু যাঁদের ভোলবদল মাত্র কয়েক ঘণ্টায় হয়ে যায়। অন্য চরিত্র বদলের- নিজেদের আর্থিক লেনদেন ও স্বার্থপরতার স্বার্থে!’ তিনি আরও প্রশ্ন তুলেছেন, ‘আর কত চাও? নিজেদের ভোল বদলাতে?’ এই পংক্তিগুলি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কবি আক্ষেপ করেছেন যে, পুরোনো উপকার ভুলে গিয়ে মানুষ যখন নিজের লাভের জন্য রং বদলায়, তখন সমাজের প্রকৃত মানবিকতা হারিয়ে যায়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই কবিতা বর্তমান রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ক্ষমতা হারানোর পর তৃণমূলের অন্দরে যে বিদ্রোহ ও ভাঙন দেখা দিয়েছে, সেই পরিস্থিতিতে মমতার এই কাব্যিক আক্রমণ যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। দিন কয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি কবিতা ‘দখল’ নিয়েও বহু চর্চা হয়েছিল। সেই কবিতায় তিনি নতুন বিজেপি সরকারের (BJP) ‘বুলডোজার অ্যাকশন’ নিয়ে রাজনৈতিক বার্তা দিয়েছিলেন। মমতার এই ধারাবাহিক কাব্যচর্চা প্রমাণ করে, তিনি এখনও রাজনৈতিক লড়াইয়ে সক্রিয় এবং কবিতার মাধ্যমেই নিজের বার্তা পৌঁছে দিচ্ছেন।








