ব্যুরো নিউজ, ১৮ই মে ২০২৬ঃ তিলজলায় বাড়ি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (ববি) এবং মেয়র পারিষদ অতীন ঘোষ সহ অন্যান্যদের কালীঘাটের বাসভবনে তলব করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী পুরসভার কাজে নিজের ক্ষোভ উগরে দেন বলে সূত্রের খবর। মেয়রের সিদ্ধান্ত ছাড়া কীভাবে একটি বাড়ি ভাঙা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তিনি এই ধরনের সিদ্ধান্তের কারণ জানতে চেয়ে পুরসভার কাজের প্রতি বিরক্তি প্রকাশ করেন।
জবাবে মেয়র ফিরহাদ হাকিম জানান, আগুন লাগলে বা বেআইনি নির্মাণ হলে পুরসভার কমিশনারের সেই নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে, সেক্ষেত্রে মেয়র বা মেয়র পারিষদদের সিদ্ধান্তের প্রয়োজন হয় না। তবে সূত্র অনুযায়ী, মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে অনড় ছিলেন। তিনি পুরসভার আইন বিভাগের কাজেও অসন্তোষ প্রকাশ করেন এবং দলের এক সাংসদের আইনজীবী পুত্রকে পুরসভার আইনজীবী হিসেবে নিয়োগের নির্দেশ দেন।
এছাড়াও, কলকাতা পুরসভার কাজের মান নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ এসেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০২টিতে তৃণমূল পিছিয়ে ছিল। এই ফলাফলের প্রভাব পুর পরিষেবার ওপর পড়েছে। মমতা ফিরহাদ হাকিম ও অতীন ঘোষদের মনে করিয়ে দেন যে মানুষ তাঁদের নির্বাচিত করেছেন, তাই কাজের ক্ষেত্রে কোনও ঘাটতি তিনি মেনে নেবেন না।








