ব্যুরো নিউজ, ১৭ সেপ্টেম্বর ২০২৬: কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেল তৃণমূল কংগ্রেস। আগামী ২৬ সেপ্টেম্বর শ্রীরামপুর কোর্ট ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে এই সভার জন্য একাধিক কড়া শর্ত আরোপ করেছে আদালত। সর্বাধিক ১,০০০ জনের জমায়েতের সীমা নির্ধারণ করা হয়েছে। সভার দিন শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে হুগলির জেলা বিচারক এবং শ্রীরামপুর থানার আইসি-কে।
অসিত মজুমদারের করা মামলার শুনানিতে তৃণমূলের আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্যের মধ্যে তুমুল বাদানুবাদ হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সভা আটকানোর চক্রান্ত চলছে। এর আগে জগন্নাথদেব স্নানঘাট ট্রাস্টের আপত্তিতে স্নানঘাট ময়দানে সভার অনুমতি মেলেনি। বিকল্প স্থান হিসেবে রাজ্য প্রশাসন জলকল ময়দান বা দিল্লি রোডের প্রস্তাব দিলেও তা নাকচ করেন আবেদনকারীরা। শেষ পর্যন্ত ২৬ সেপ্টেম্বর, আদালতের ছুটির দিনে বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত কোর্ট ময়দানেই সভা করার অনুমতি মেলে।
আদালত নির্দেশ দিয়েছে, ১,০০০-এর বেশি মানুষ জমায়েত হতে পারবেন না এবং সভার মঞ্চের আয়তন ছোট রাখতে হবে। আগামী ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টের মধ্যে ১০ জন দলীয় স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর শ্রীরামপুর থানায় জমা দিতে হবে। সভায় কোনও রকম উস্কানিমূলক বা অপ্রীতিকর মন্তব্য করা যাবে না এবং কঠোর ভাবে শব্দবিধি মেনে চলতে হবে। সভা শেষ হলেই ডেকরেটর ও বিদ্যুতের সমস্ত সরঞ্জাম দ্রুত প্রাঙ্গণ থেকে খুলে নিতে হবে। এই শর্ত মেনেই জনসভা করতে হবে তৃণমূলকে।








