সল্টলেক স্টেডিয়ামের ভাস্কর্য ভাঙায় ক্ষুব্ধ মমতা, ফেসবুক লাইভে বিজেপিকে কড়া বার্তা

সল্টলেক স্টেডিয়ামে মমতার নকশা করা ভাস্কর্য ভাঙায় ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফেসবুক লাইভে বিজেপিকে কড়া বার্তা, 'আমার ওপর রাগ থাকতে পারে, কিন্তু...'

Share:

ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিভিআইপি গেটের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নকশা করা ভাস্কর্যটি রাতারাতি ভেঙে ফেলার ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। নবনির্বাচিত বিজেপি সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা করে শনিবার ফেসবুক লাইভে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “আমার ওপর রাগ থাকতে পারে, কিন্তু যুবভারতীর সামনের মূর্তিটা আপনারা ভেঙে দিলেন? কত স্পোর্টসপ্রেমী, সাধারণ মানুষ ওই মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি তুলত। অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের সময় খোদ ফিফাও এই ভাস্কর্য পছন্দ করেছিল। আপনারা সেটাকেও ভেঙে দিলেন!” মমতা আরও যোগ করেন, “আমি তো কোনওদিন লেনিন বা স্ট্যালিনের মূর্তি ভাঙিনি! এই সংস্কৃতি তো ভালো নয়।” ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের আগে সল্টলেক স্টেডিয়ামের ভোলবদলের অংশ হিসেবে এই ফুটবল-কেন্দ্রিক মূর্তিটি স্থাপন করা হয়েছিল। এর ভাবনা ও নকশা ছিল স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত।

নতুন সরকারের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এই কাঠামোকে ‘কুৎসিত’ ও ‘নন্দনতত্ত্বহীন’ আখ্যা দিয়ে তা সরানোর নির্দেশ দিয়েছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, “আমরা গড়েছি, আর আপনারা ভাঙছেন। আজ আপনারা ক্ষমতায় এসে অন্য মূর্তি বানাবেন, কাল যখন অন্য কোনও পার্টি ক্ষমতায় আসবে, তারা এসে সেটা ভেঙে দেবে।” রাজনৈতিক মহলের মতে, তৃণমূল আমলের সমস্ত ‘চিহ্ন’ মুছে দিতে চাইছে নতুন সরকার। তবে এই ঘটনা আগামী দিনে বাংলার রাজনৈতিক তরজা আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।