ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ রাজ্যে কর্মসংস্কৃতি ফেরাতে তৎপর শুভেন্দু প্রশাসন। সরকারি কর্মীদের অফিসে হাজিরা দেওয়ার ক্ষেত্রে এবার চালু হচ্ছে অত্যাধুনিক ‘ফেস রেকগনিশন বায়োমেট্রিক’ ব্যবস্থা। মঙ্গলবার রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। এবার নবান্নের তরফে জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৫ জুন থেকে রাজ্যের সমস্ত দপ্তরের আধিকারিকদের এই ব্যবস্থার মাধ্যমে হাজিরা দিতে হবে। ৩১ জুলাইয়ের মধ্যে ধাপে ধাপে রাজ্যের সমস্ত সরকারি অফিসে এই নিয়ম চালু করা হবে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, সকাল ১০টা ১৫ থেকে বেলা ১১টার মধ্যে আধিকারিকদের অফিসে পৌঁছাতে হবে। এর পরে পৌঁছালে তা ‘অনুপস্থিত’ হিসেবে গণ্য হবে। একইভাবে, বিকেল ৫টা ১৫ মিনিটের আগে অফিস ত্যাগ করলে তা ‘আর্লি ডিপারচার’ হিসেবে ধরা হবে। বায়োমেট্রিক পাঞ্চ করতে ভুলে গেলেও অনুপস্থিতি ধরা হবে। কোনও মাসে তিনবার দেরিতে প্রবেশ বা আগে বেরিয়ে গেলে সংশ্লিষ্ট কর্মীর ক্যাজুয়াল লিভ (CL) কাটা হবে। একই দিনে দেরিতে প্রবেশ এবং আগে বেরিয়ে গেলে সেক্ষেত্রেও সিএল কাটা হবে। পশ্চিমবঙ্গ সার্ভিস রুলস (পার্ট ওয়ান)- এর রুল ২৯ এ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ফলে সরকারি কর্মীদের মধ্যে সময়ানুবর্তিতা বাড়বে এবং কাজের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।








