বুধেই কি আত্মপ্রকাশ ‘নতুন তৃণমূল’-এর? জল্পনা তুঙ্গে বঙ্গ রাজনীতিতে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বুধেই কি আত্মপ্রকাশ করবে 'নতুন তৃণমূল'? ৫৩-৫৪ জন বিধায়ক নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা তুঙ্গে।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ বঙ্গ রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে ‘নতুন তৃণমূল’-এর আত্মপ্রকাশের জল্পনা। তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বুধবারেই কি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে, তা নিয়ে তীব্র কৌতূহল। সূত্রের খবর, ৫৩ থেকে ৫৪ জন তৃণমূল বিধায়ক ঋতব্রতর পাশে রয়েছেন এবং তাঁরা বিধানসভায় ‘নতুন তৃণমূল’ হিসেবে চিঠি জমা দিতে পারেন। এই পদক্ষেপ সফল হলে রাজ্যে বিরোধী দলের তকমা এবং এমনকি জোড়া ফুল প্রতীকও তাঁদের হাতে চলে আসার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে।

গত দু’দিন ধরে এই জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলে ভাঙনের যে ইঙ্গিত দেখা যাচ্ছিল, ঋতব্রত ও সন্দীপনকে বহিষ্কারের পর তা আরও স্পষ্ট হয়েছে। মঙ্গলবার ঋতব্রত বিধানসভায় প্রবেশ করলেও সেদিন চিঠি জমা দেওয়ার কোনও ঘটনা ঘটেনি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ব্যক্তিগত কাজে তিনি বিধানসভায় এসেছিলেন এবং ‘বিদ্রোহী’ বিধায়কদের সঙ্গে বৈঠকের কথাও অস্বীকার করেন

। তবে, বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, বুধবারই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৫৩-৫৪ জন তৃণমূল বিধায়কের সমর্থন নিয়ে ‘নতুন তৃণমূল’ সংক্রান্ত চিঠি বিধানসভার স্পিকারকে জমা দেবেন। এই সময় ‘বিদ্রোহী’ বিধায়করাও বিধানসভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ঋতব্রত এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকের পর বিধানসভায় উপস্থিত হবেন বলে জানিয়েছেন। ‘আমি আজ-এ বিশ্বাসী, কাল কী হবে জানি না,’ ঋতব্রতর এই মন্তব্য জল্পনাকে আরও উস্কে দিয়েছে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এখন ‘হাইজ্যাক’ হয়ে গেছে। এই পরিস্থিতিতে ‘নতুন তৃণমূল’ কোন পথে বাঁক নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।