কলকাতায় বিজেপির মেগা র‍্যালি, নেতৃত্ব দেবেন সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন

আসন্ন পুরভোটের আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন ২রা নভেম্বর কলকাতায় আসছেন। তিনি রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

Share:

ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর ২০২৬: আগামী সপ্তাহে কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন।

আসন্ন কলকাতা ও হাওড়া পুরভোটের আগে এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২রা নভেম্বর শহরে এসে রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই বৈঠকে পুরভোটের প্রস্তুতি এবং রণনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন নবীন।

দলীয় সূত্রে খবর, এই বৈঠকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের দলে নেওয়া নিয়ে দলের মধ্যে যে মতপার্থক্য রয়েছে, তা নিয়েও আলোচনা করবেন তিনি। পুরভোটের প্রার্থী তালিকা নিয়েও জোর জল্পনা চলছে। কোন রণনীতিতে বিজেপি পুর নির্বাচনে লড়বে, তা নিয়েও এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত‌্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি ও ইন্ডি জোট মিলে যে আন্দোলন শুরু করেছে তা আসলে আগামী লোকসভা ভোটের আগে দেশ জুড়ে ‘অরাজকতা’ সৃষ্টির প্রয়াস বলে মনে করছে শাসক দল।

তাই ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে সারা দেশজুড়ে প্রচারে নামছে পদ্মশিবির। পশ্চিমবঙ্গে ৩১শে অক্টোবর থেকে ৫ই নভেম্বর পর্যন্ত এই ‘গণতন্ত্র বাঁচাও-অরাজকতা হটাও’ কর্মসূচি পালন করা হবে। রাজ‌্য বিজেপির সহ-সভাপতি প্রবাল রাহা জানালেন, ‘‘৩রা নভেম্বর হাওড়া ও শিলিগুড়ি, ৪ঠা নভেম্বর কৃষ্ণনগর, ৫ই নভেম্বর দুর্গাপুরে এই কর্মসূচি হবে। এরপর কালীপুজো শেষ হলে ১১ই তারিখ থেকে দ্বিতীয় পর্যায়ে শুরু হবে। ৮০০টি জায়গায় এই পদযাত্রা হবে। ন্যূনতম ১০হাজার জন অংশ নেবে।’’ ২রা নভেম্বর কলকাতায় এসে নবীন এই কর্মসূচিতে যোগদান করবেন। দুই তারিখের এই মিছিল কলেজস্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত করা হবে বলে আপাতত জানা গেছে। এই মহামিছিলে অংশ গ্রহণ করবেন নীতীন নবীন সহ রাজ্যের মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দলের রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং অন্যান্য রাজ‌্য বিজেপির শীর্ষ নেতৃত্বরা।

তাই নীতীন নবীনের এই সফরকে সামনে রেখে রাজ্য বিজেপি জোর প্রস্তুতি নিচ্ছে। তাঁর আগমনের আগে দলের শীর্ষ নেতারা জেলার নেতাদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গিয়েছে। এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

উল্লেখ্য, নীতীন নবীনের পর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফরও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, আসন্ন পুরভোটের আগে বিজেপি নিজেদের সংগঠনকে আরও মজবুত করতে চাইছে।