আর জি করের বিচার হবে: মুখ্যমন্ত্রীর আশ্বাসেই বিধানসভায় কান্নায় ভেঙে পড়লেন অভয়ার মা

আর জি কর কাণ্ডে বিচার হবে, মুখ্যমন্ত্রীর এই আশ্বাস শুনে বিধানসভায় কান্নায় ভেঙে পড়লেন অভয়ার মা। শুভেন্দু অধিকারী জিরো টলারেন্স নীতির কথা জানান।

Share:

নিউজ ব্যুরো, ২৩ জুন ২০২৬:   আর জি কর কাণ্ডে বিচার হবে, বিধানসভায় প্রথম জবাবি ভাষণে এই আশ্বাস দিতেই কান্নায় ভেঙে পড়লেন অভয়ার মা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে এই কথা শুনে হাউহাউ করে কেঁদে ফেলেন পানিহাটির বিধায়ক অভয়ার মা।

২০২৪ সালের আগস্ট মাসে তৃণমূল কংগ্রেসের শাসনকালে কলকাতার আর জি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। সেই ঘটনার সঠিক তদন্ত ও বিচার চেয়ে বারবার সরব হয়েছিলেন মৃত চিকিৎসকের মা-বাবা। দীর্ঘ প্রতীক্ষার পর অভয়ার মা পরবর্তীকালে পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে জয়লাভ করেন। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই আর জি কর কাণ্ডের নতুন করে তদন্তের কথা জানানো হয়েছিল এবং দ্রুত বিচার প্রক্রিয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। মেয়ের হত্যার বিচার হবে, এই প্রত্যাশা নিয়ে দিন গুনছিলেন অভয়ার মা-বাবা।

আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণে আর জি কর ছাড়াও রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজ, কামদুনি এবং ধূপগুড়ির মতো স্পর্শকাতর ঘটনাগুলি উঠে আসে। তিনি স্পষ্ট জানান, এই সমস্ত ঘটনায় রাজ্য সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। শুভেন্দু অধিকারী বলেন, ‘আর জি করের বিচার হবে। অভয়ার বিচার দিতে, তিন আইপিএস সাসপেন্ড করেছি। সন্দীপ ঘোষদের তাড়িয়েছি। বাকি সব পরিষ্কার করব।’ তিনি আরও বলেন, ‘তামান্নার মা বিচার পাবে। রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজ, কামদুনি, ধুপগুড়ি জিরো টলারেন্স। এইচআরবিসি অফিসে হবে কমিশন।’ মুখ্যমন্ত্রীর এই দৃঢ় আশ্বাসই অভয়ার মায়ের চোখে জল এনে দেয়, যা বিধানসভার কক্ষে এক আবেগঘন মুহূর্ত তৈরি করে।