মুখ ঢেকে সায়নীর বিমানবন্দর ত্যাগ, কুণালের কটাক্ষে তুঙ্গে রাজনৈতিক জল্পনা

মুখ ঢেকে বিমানবন্দর ছাড়লেন সায়নী ঘোষ। কুণাল ঘোষের কটাক্ষ: 'বিপ্লবী না দলে আছেন, অবস্থান স্পষ্ট করুন'। তৃণমূলের অন্দরে সায়নীর ভূমিকা নিয়ে তুঙ্গে জল্পনা।

Share:

ব্যুরো নিউজ, ১১ জুন ২০২৬ঃ তৃণমূল কংগ্রেসের অন্দরে রাজনৈতিক জল্পনার আবহে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। বিদ্রোহী শিবিরের বৈঠকে তাঁর নাম জড়ানোর জল্পনার মধ্যেই দিল্লি থেকে কলকাতায় ফেরার সময় বিমানবন্দরে দেখা গেল তাঁকে। তবে সংবাদমাধ্যমের নজর এড়াতে কার্যত মুখ ঢেকেই বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তৃণমূলের যুব নেত্রীকে। তাঁকে মাথায় টুপি, মুখে মাস্ক এবং চোখে সানগ্লাস পরে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।

সায়নীর বিমানবন্দরের ছবি প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, “সায়নী ঘোষের এয়ারপোর্টের একটা ছবি দেখলাম। দেখে মনে হচ্ছে করোনার সময়ের ছবি। আপনারা একবার চেক করুন। এমন মুখ ঢেকে কেন বেরোচ্ছেন? হয় উনি বিপ্লবী, না হয় দলে আছেন। যাঁরা ওঁকে দলে সমালোচনা করছে গ্রুপে, তাঁরা বেশ করেছে। গ্ল্যামার ধরে এনে মাথায় বসাতে হবে, আর তাঁকে ফোনে পাওয়া যাবে না- এটা হতে পারে না। উনি নিজের অবস্থান স্পষ্ট করুন।” রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি এবং নেতৃত্বের একাধিক বৈঠকে সায়নী ঘোষের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তাঁকে অনেকটাই আড়ালে দেখা গিয়েছে।

কলকাতা কিংবা দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ উপস্থিতিতেও তাঁকে দেখা যায়নি বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের। বিশেষ করে মমতা-অভিষেকের দিল্লি সফরের সময়ও সায়নীর অনুপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সম্প্রতি লোকসভার তথাকথিত বিদ্রোহী শিবিরের সঙ্গে তাঁর নাম জড়ানো হলেও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি। কুণাল ঘোষের এই মন্তব্যের পর সায়নী ঘোষের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। দলের অন্দরে তাঁর ভূমিকা এবং ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।