ব্যুরো নিউজ, ৮ সেপ্টেম্বর ২০২৬: যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের ভাবমূর্তি ফেরাতে এবার দেশপ্রেমের বার্তা নিয়ে হাজির হল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। ‘দেশদ্রোহী’ তকমা ঘোচাতে এবং জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে নিজেদের যোগসূত্র তুলে ধরতে সোমবার বিকেলে গান্ধী ভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তারা। ‘এ দেশ তোমার আমার’ শীর্ষক এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই পরিবেশন করেন একগুচ্ছ দেশাত্মবোধক গণসঙ্গীত।
এসএফআইয়ের যাদবপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের ট্যাগলাইন ছিল ‘স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা’। সংগঠনের পক্ষ থেকে অঞ্জিল দাস স্পষ্ট জানান, এই আয়োজনের মূল কেন্দ্রবিন্দু ছিলেন ক্যাম্পাসের ছাত্রছাত্রীরাই, বাইরের কোনও বক্তা বা শিল্পী নন। বামপন্থীদের দেশপ্রেম এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আন্দোলনের দীর্ঘ ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তাঁরা দাবি করেন, এই মাটিতে দেশপ্রেমের কথা বলার অধিকার তাঁদেরই, আরএসএসের নয়।
সাম্প্রতিক বিতর্কের আবহে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলির বিরুদ্ধে ‘দেশবিরোধী’ কার্যকলাপের অভিযোগ উঠছে, তখন এসএফআইয়ের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কার্ল মার্ক্সের উক্তি বা ‘ফ্রি প্যালেস্টাইন’-এর মতো স্লোগান থেকে সরে এসে গণসঙ্গীতের মাধ্যমে দেশপ্রেমের বার্তা দেওয়া তাদের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছে।








