মুম্বইয়ে কাঁকসার যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, পরিবারের খুনের অভিযোগ; মৃতদেহ ফেরাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিধায়ক

মুম্বইয়ে কাঁকসার যুবক বিশ্ব দে-র ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। মৃতদেহ ফেরাতে মুখ্যমন্ত্রীকে চিঠি বিধায়কের। কাঁকসা পুলিশ তদন্ত শুরু করেছে।

Share:

ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর ২০২৬: ভিনরাজ্য মুম্বইয়ে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল কাঁকসার বিরুডিহার ক্যানেলপাড় এলাকার বাসিন্দা বিশ্ব দে (২১)-এর। মুম্বইয়ে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের খবর বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নামে। পরিবার এই মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ; তাঁদের অভিযোগ, বিশ্বকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে পরিবার। পরিবার সূত্রে জানা গেছে, গত মহালয়ার দিন মালদার এক ঠিকাদারের মাধ্যমে কাজের উদ্দেশ্যে মুম্বই পাড়ি দিয়েছিলেন বিশ্ব।

গত ২৫ সেপ্টেম্বর মুম্বই পুলিশের পক্ষ থেকে কাঁকসায় তাঁর পরিবারের সদস্যদের ফোন করে মৃত্যুর খবর জানানো হয়। পুলিশ জানায়, মুম্বইয়ে বিশ্ব দে-র ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই খবর পাওয়ার পর পরিবার ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু কোনও স্পষ্ট উত্তর মেলেনি। ঠিকাদারের আচরণ ও আকস্মিক মৃত্যুতে পরিবারের সন্দেহ আরও বেড়েছে। মৃতের পরিবারের দাবি, বিশ্ব আত্মহত্যা করতে পারেন না, তাঁকে খুন করা হয়েছে। সুবিচারের আশায় কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায়, বিশ্ব দে-র মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনা এখন বড় চিন্তা।

পরিবার স্থানীয় বিধায়ক ও প্রশাসনের কাছে দ্রুত মৃতদেহ কাঁকসার বাড়িতে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছে। দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি মৃতদেহ ফিরিয়ে আনার আবেদন জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।