যাদবপুর হকার উচ্ছেদ: ৭ মামলার জাল ছিন্ন করে জামিন পেলেন সৃজন ভট্টাচার্য

যাদবপুর হকার উচ্ছেদ কাণ্ডে গ্রেফতার সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য ৭ মামলার জালেও আটকে থাকলেন না। আলিপুর আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে।

Share:

ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ যাদবপুর স্টেশন চত্বরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য অবশেষে জামিন পেলেন। সোমবার আলিপুর আদালত তাঁর জামিন মঞ্জুর করে। রবিবার রাতে হকার উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার অভিযোগে সৃজন-সহ পাঁচজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের বিরুদ্ধে মোট সাতটি মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে দুটি ছিল জামিন অযোগ্য ধারায়।

রেল কর্তৃপক্ষের বুলডোজার অভিযানের খবর পেয়ে রবিবার রাতে যাদবপুর স্টেশন রোড এলাকায় হকার, স্থানীয় বাসিন্দা এবং বাম কর্মী-সমর্থকেরা জড়ো হন। উচ্ছেদের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে সামিল হন বর্ষীয়ান বাম নেতা সুজন চক্রবর্তী এবং সৃজন ভট্টাচার্য-সহ একাধিক বাম নেতা। আন্দোলনকারীরা বুলডোজারের সামনে শুয়ে পড়ে উচ্ছেদ অভিযান রুখে দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ, আরপিএফ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠিচার্জ করেন।

হএই ঘটনায় সুজন চক্রবর্তী-সহ বেশ কয়েকজন আহত হন। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সৃজন ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর সৃজন ভট্টাচার্য রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, যথাযথ পুনর্বাসন ছাড়াই বেআইনি উচ্ছেদ চলছে। গরিব মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। সৃজনদের গ্রেফতারের খবর ছড়াতেই ভোররাত থেকে যাদবপুর এলাকায় নতুন করে বিক্ষোভ শুরু হয়। সুকান্ত সেতু ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে রাস্তা অবরোধ করে ছাত্রছাত্রীরা প্রতিবাদে সামিল হন।