ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ শিয়ালদহের ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ কলেজে সম্প্রতি উদ্ধার হওয়া লক্ষ লক্ষ টাকা ও বিলাসবহুল কক্ষ ঘিরে রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়েছে। কলেজের ইউনিয়ন রুমের লকার থেকে উইপোকায় কাটা ব্যাগে ভরা বিপুল অর্থ এবং ছাদে শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল খাট-বিছানাসহ আধুনিক পরিকাঠামোয় মোড়া দুটি গোপন কক্ষের সন্ধান মিলেছে। এই ঘটনা রাজ্যের শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা ও পবিত্রতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি চাঁছাছোলা ভাষায় বলেন, “কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো এখন তোলাবাজির রিসোর্ট তৈরি হয়ে গেছে!”
তাঁর অভিযোগ, বিগত দিনে কলেজে ভর্তির নামে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হতো, যা হয়তো এই গোপন লকারেই জমা পড়ত। তিনি সরাসরি শাসকদলকে কাঠগড়ায় তুলেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সব অপকর্ম সম্পর্কে অবগত ছিলেন বলে দাবি করেছেন। মুচিপাড়া থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কলেজের ছাদে এমন বিলাসবহুল কক্ষের প্রয়োজন কেন পড়ল, সেখানে কারা যাতায়াত করতেন, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। শিক্ষানুরাগী মহল এই ঘটনায় স্তম্ভিত। নিয়োগ দুর্নীতিসহ শিক্ষাক্ষেত্রে একের পর এক কেলেঙ্কারির পর সুরেন্দ্রনাথের এই ঘটনা সাধারণ মানুষের আস্থা আরও কমিয়ে দিয়েছে। এই তদন্তের যৌক্তিক পরিণতি হবে কিনা, নাকি সময়ের নিয়মে ধামাচাপা পড়ে যাবে এই ‘রিসোর্ট কাণ্ড’, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকেই।








